Sylhet Today 24 PRINT

অবৈধ সরকার ও লুটেরাদের কাছে জাতি আজ চরম অসহায়: কাহের শামীম

গোয়াইনঘাট প্রতিনিধি |  ১৩ মার্চ, ২০১৭

সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের শামীম বলেছেন, অনির্বাচিত, অবৈধ সরকার ও তাদের লুটেরাদের কাছে জাতি আজ চরম অসহায়। দেশের যে দিকে তাকাবেন শুধু লুটপাট আর হরিলুট চলছে। সাধারণ মানুষ কোথাও শান্তিতে নেই। সরকারের নিয়ন্ত্রিতদের দ্বারা সর্বত্রই চলছে লুটপাট আর রাহাজানির মহোৎসব।

সোমবার (১৩ মার্চ) জাফলংয়ে সাংগঠনিক সফরে জাফলং পিকনিক সেন্টারে পূর্ব জাফলং ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের সাথে এক কর্মী সমাবেশে উপরোক্ত কথাগুলো বলেন তিনি।

তিনি আরো বলেন, বিএনপিসহ বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীরা নির্যাতন, মামলা-হামলার শিকার হচ্ছেন। অবৈধ এই সরকারের নির্যাতন, দমন, নিপীড়নের যাতাকলে বিএনপি নেতা কর্মীরা পদে পদে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

পূর্ব জাফলং ইউনিয়ন বিএনপির সভাপতি ও জেলা পরিষদ সদস্য রফিকুল ইসলাম শাহপরানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইদুর রহমানের পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোয়াইনঘাটের উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী ও সিলেট জেলা পরিষদের সদস্য মুহিবুল হক মুহিব।

অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি লুৎফুল হক খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুর রহমান, সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদিন, যুব বিষয়ক সম্পাদক শাহজান সিদ্দীকী, এডভোকেট আহমেদ রেজা, মহানগর ছাত্রদল নেতা আব্দুল মালেক, জেলা ছাত্রদল নেতা আলী আহমদ আলম প্রমুখ।

বিশেষ অতিথির বক্তব্যে আব্দুল হাকিম চৌধুরী বলেন, দলকে সুসংগঠিত করতে সারা দেশে সাংগঠনিক কার্যক্রম শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় আজকের এই সভা। অতীতে যেমন গোয়াইনঘাটে সর্বত্র সাধারণ নেতাকর্মীরা বিএনপি তথা দেশনেত্রী খালেদা জিয়ার ডাকে ঐক্যবদ্ধ ছিল। তেমনি ভবিষ্যতেও যে কোন আন্দোলন সংগ্রামে নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান তিনি।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জাহিদ খান, পূর্ব জাফলং ইউনিয়ন বিএনপি নেতা মজির আহমদ, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক জিএম শফিক, নুরুল হক, বিপ্লব চৌধুরী, ছাত্রদল নেতা আব্দুল লতিফ মির্জা, আনোয়ার হোসেন প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.