Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরে সন্ত্রাসী হামলায় যুবক আহত

জগন্নাথপুর প্রতিনিধি |  ১৩ মার্চ, ২০১৭

সুনামগঞ্জের জগন্নাথপুর সন্ত্রাসী হামলায় মিলাদ হোসেন (২৫) নামের এক যুবক গুরুতর আহত হয়েছেন।

রোববার (১২ মার্চ) রাতে পৌর শহরের হাসপাতাল পয়েন্ট এলাকায় এ হামলার ঘটনাটি ঘটে। মিলাদ স্থানীয় পৌর শহরের হবিবপুর আশিঘর এলাকার বাসিন্দা আফু মিয়ার ছেলে।

আশঙ্কাজনক অবস্থায় তাঁকে সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। জগন্নাথপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা যায়, কয়েক দিন আগে স্থানীয় হাসপাতাল এলাকায় একটি ওয়াজ মাহফিল সম্পন্ন হয়েছিল। ওই মাহফিলে জলালপুর গ্রামের মতছির মিয়ার ছেলে ও হবিবপুর আশিঘর গ্রামের আফু মিয়ার ছেলের মধ্যে বাকবিতণ্ডা হয়। সেই সময় স্থানীয় পৌর মেয়র আব্দুল মনাফ ও সমাজ সেবক জিলু মিয়াসহ উপস্থিত গণ্যমান্য ব্যক্তিবর্গ বিচারের মাধ্যমে দেখে দিবেন বলে আশ্বাস প্রদান করলে উভয় পক্ষ মেনে নেন।

তবে আপোষ নিষ্পত্তি হওয়ার আগেই সন্ত্রাসী হামলার শিকার হয় আফু মিয়ার ছেলে মিলাদ হোসেন। তাকে অতর্কিতভাবে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে সন্ত্রাসী বাহিনী পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় মিলাদকে স্থানীয় পৌর মেয়র আব্দুল মনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার ওসি (তদন্ত) মইন উদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তবে এ ব্যাপারে কেউ লিখিত অভিযোগ করেনি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.