Sylhet Today 24 PRINT

কুশিয়ারা নদীতে ধরা পড়লো ৯০ কেজি ওজনের বাঘ মাছ

জকিগঞ্জ প্রতিনিধি  |  ১৩ মার্চ, ২০১৭

জকিগঞ্জে ধরা পড়েছে ৯০ কেজি ওজনের একটি বিশাল বাঘ মাছ। উপজেলার বিরশ্রী ইউনিয়নের আকাকল্যাণ গ্রামের জেলে ফরিদ উদ্দিনের বড় জালে আটকা পড়ে মাছটি।

সোমবার (১৩ মার্চ) সেনাপতির চক এলাকার কুশিয়ারা নদী থেকে বাঘ মাছটি ধরা হয়।

ফরিদ উদ্দিন বলেন, ৯০ কেজি ওজনের বাঘ মাছটি পেয়ে আমি ভীষণ খুশি। এর আগে মাত্র ৩০ কেজি ওজনের একটি বোয়াল মাছ পেয়েছিলাম। বাঘ মাছটি ইতোমধ্যে ৮০ হাজার টাকা দাম হয়েছে, তবু্ও বিক্রি করিনি।

এক লক্ষ টাকার কমে মাছটি বিক্রি করবেন না জানিয়ে তিনি বলেন, আমি গরীব মানুষ। মাছ বিক্রি করে জীবিকা নির্বাহ করছি।

মাছটি জালে আটকা পড়ার পর ৪ জন মিলে ডুব দিয়ে মাছের গায়ে রশি বেঁধে টেনে তোলা হয়। বর্তমানে মাছটি কাস্টম এলাকায় কুশিয়ারা নদীতে রশি দিয়ে বাধা আছে। আগামীকাল সিলেট শহরে নিয়ে মাছটি বিক্রি করবেন বলে জানান ফরিদ উদ্দিন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.