Sylhet Today 24 PRINT

বিয়ানীবাজারে লোলা নদী দখল ও দূষণমুক্তির দাবিতে মানববন্ধন

সিলেটটুডে ডেস্ক |  ১৫ মার্চ, ২০১৭

বিয়ানীবাজারের ঐতিহ্যবাহী লোলা নদী মৃতপায়। দখল হয়ে গেছে নদীর অধিকাংশ ভূমি। নদীর উপর নির্মিত হয়েছে ঘরবাড়ি, দালানকোঠা । নদীকে পরিণত করা হয়েছে পৌরসভার অঘোষিত ডাস্টবিন। অবিলম্বে লোলা নদীকে দখল ও দূষণমুক্ত করতে হবে।

বুধবার (১৫ মার্চ) আন্তর্জাতিক নদীকৃত্য দিবস উদযাপনের পাঁচ দিনব্যাপী কর্মসূচির অংশ হিসাবে বিয়ানীবাজারের লোলা নদী দখলমুক্ত করার দাবিতে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে বক্তারা এ কথা বলেন।

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও ওয়াটারকিপার্স বাংলাদেশের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে বক্তারা আরও বলেন, ২০০০ সালে এ নদী বাঁচাতে একটি প্রকল্প গ্রহণ করা হলেও তা দীর্ঘ ১৭ বছরেও বাস্তবায়িত হয়নি। উপজেলার পাঁচটি ইউনিয়নের উপর দিয়ে বহমান এ নদীটি হারিয়ে গেলে এ অঞ্চলের লক্ষাধিক অধিবাসী ক্ষতিগ্রস্ত হবে। চিরতরে বিলুপ্ত হওয়ার পুর্বেই লোলা নদকে দখল ও দূষণ মুক্ত করতে কার্যকরী সরকারী উদ্যোগ প্রয়োজন। পাশাপাশি সামাজিক আন্দোলনের মাধ্যমে দখলদারদের প্রতিরোধ করা উচিত।

দুপুর ২ টায় বিয়ানীবাজার পৌরশহরের পঞ্চখন্ড-হরগোবিন্দ উচ্চবিদ্যালয় সম্মুখ সড়কে বাপা সিলেট শাখার যুগ্ম সম্পাদক ডা. তায়েফ আহমদ চৌধুরী সঞ্চালনায় ও বিয়ানীবাজার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা শিব্বির আহমদের সভাপতিত্বে মানববন্ধন চলাকালে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সিলেট শাখার সাধারণ সম্পাদক ও সুরমা ওয়াটার ওয়াটারকিপার্স আব্দুল করিম কিম।

স্বাগত বক্তব্যে আব্দুল করিম কিম বলেন, বিয়ানীবাজারের লোলা নদীকে রক্ষা করতে হলে স্থানীয় মানুষকে ঐক্যবদ্ধ্য হতে হবে। বিয়ানীবাজারের মানুষ যদি নদী বাঁচাতে চায়, তবে নদী বাঁচবে। অন্যথায় সিলেট থেকে বা ঢাকা থেকে এসে আন্দোলন করে নদী বাঁচানো যাবে না। স্থানীয় মানুষের আন্দোলন শুরু হলে বাপা পাশে থাকবে। লোলা নদী চিরতরে হারিয়ে যাওয়ার পুর্বে একে রক্ষা করতে নাগরিক আন্দোলনের সূচনা হোক আজকের এই মানববন্ধন।

মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত থেকে আরও বক্তব্য দেন শেখ ওয়াহিদুর একাডেমির অধ্যক্ষ জহুরুল ইসলাম চৌধুরী, বিয়ানীবাজার আদর্শ মহিলা কলেজের সহকারী অধ্যাপক ফয়ছল আহমদ, সুশাসনের জন্য নাগরিক-সুজন বিয়ানীবাজার শাখার সভাপতি অ্যাডভোকেট মো. আমান উদ্দিন, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ বিয়ানীবাজার আঞ্চলিক শাখার পরিচালক শফিউল আলম।

বক্তারা আরও বলেন, জীবন ও পরিবেশের জন্য অদ্বিতীয় প্রয়োজনীয় নদী লোলা আজ শেষকৃত্যের দিকে যাত্রা শুরু করেছে, যা পরিবেশ সচেতন সকল মানুষকে বিস্মিত করেছে। আমরা এ অপমৃত্যু রোধে প্রশাসনের দৃষ্টি কামনা করছি।

মানববন্ধন কর্মসূচিতে অংশ নিয়ে সংহতি জানান বাংলাদেশ কমিউনিস্ট পার্টি বিয়ানীবাজার শাখার সাধারণ সম্পাদক আনিস আহমদ, বিয়ানীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিলাদ মো. জয়নুল ইসলাম, সাপ্তাহিক দিবালোক পত্রিকার সম্পাদক হাসান শাহরিয়ার, বিয়ানীবাজার উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক শাবুল আহমদ, উদীচী বিয়ানীবাজার শাখার সভাপতি সারওয়ার হোসেন, ক্রীড়া সংগঠক আখতার হোসেন অনিক, এরাইভালস স্পোটিং ক্লাবের সভাপতি মো. ওয়াহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক সৈয়দ মুনজের হোসেন বাবু, শিক্ষক আফজাল আহমদ, সাংবাদিক আকছার হোসেন, ইমাম হাসনাত সাজু প্রমুখ।

এ কর্মসূচিতে বিয়ানীবাজার উপজেলার বিভিন্ন শিক্ষা, সামাজিক-সাংস্কৃতিক ও রাজনৈতিক অঙ্গনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.