মাধবপুর প্রতিনিধি | ১৮ মার্চ, ২০১৭
হবিগঞ্জের মাধবপুরে সানু মিয়া নামের এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে।
শনিবার (১৮ মার্চ) সকালে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার আন্দিউড়া ইউনিয়নের মিরনগর গ্রামের ফরিদ মিয়ার ছেলে সানু মিয়াকে শনিবার সকালে তার শোবার ঘরে অচেতন অবস্থায় দেখতে পেয়ে তার পরিবারের লোকজন মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে তার অবস্থার অবনতি দেখে কর্তব্যরত ডাক্তার তাকে ব্রাহ্মণবাড়িয়া হাসপাতালে প্রেরণ করলে সেখানে নিয়ে যাবার পথে তার মৃত্যু হয়।
খবর পেয়ে শনিবার সকালে থানার এসআই লোকমান হোসেন লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করে।
নিহতের পিতা ফরিদ মিয়া দাবি করেন তাঁর ছেলে সানু মিয়া বিষ পান করে আত্মহত্যা করেছে। তবে কি কারণে আত্মহত্যা করেছে তার পরিবার জানাতে পারেনি।
মাধবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) লোকমান হোসেনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, ময়না তদন্ত ছাড়া কিছু বলা যাবে না। ময়না তদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।