দিরাই প্রতিনিধি | ১৯ মার্চ, ২০১৭
সুনামগঞ্জের দিরাই উপজেলার বিভিন্ন এলাকায় নৌকা প্রতীকের পক্ষে দিনভর নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় কাটিয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী, বর্ষীয়ান রাজনীতিবিদ সুরঞ্জিত সেনগুপ্তের স্ত্রী ড. জয়া সেনগুপ্ত।
রোববার (১৯ মার্চ) বিকাল ৫টায় ব্রজেন্দ্রগঞ্জ আরসি উচ্চ বিদ্যালয় মাঠে নৌকা প্রতীকের সমর্থনে এক সভা অনুষ্ঠিত হয়।
আওয়ামী লীগ নেতা চিত্তরঞ্জন চৌধুরীর সভাপতিত্বে ও ইউনিয়ন যুবলীগের সহ সাধারণ সম্পাদক নুরুল হকের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সদ্য প্রয়াত বর্ষীয়ান রাজনীতিবিদ সুরঞ্জিত সেনগুপ্তের সহধর্মীনি ড. জয়া সেনগুপ্ত, মহিবুর রহমান মানিক এমপি, আব্দুল মজিদ খান এমপি, দিরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম এনামুল কবির ইমন, সিলেট মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এ্যাডভোকেট সামছুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি এডভোকেট সোহেল আহমদ, কেন্দ্রীয় কৃষকলীগ নেত্রী শামীমা শাহরিয়ার, উপজেলা যুবলীগের সভাপতি রঞ্জন রায়, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক জুয়েল মিয়া সহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
এর আগে সকাল ১০টায় কল্যাণী গ্রামে গণসংযোগ শেষে পথসভা, দুপুর ১২টায় নোয়াগাঁও গ্রামে গণসংযোগ ও পথসভা এবং বেলা ২টায় চরনারচর গ্রামে গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়।