Sylhet Today 24 PRINT

বানিয়াচংয়ে কমিউনিটি পুলিশিং এর সমাবেশ অনুষ্ঠিত

বানিয়াচং প্রতিনিধি |  ২০ মার্চ, ২০১৭

পুলিশই জনতা, জনতাই পুলিশ এ শ্লোগানকে সামনে রেখে বানিয়াচংয়ে মাদক, জঙ্গি ও সন্ত্রাস বিরোধী কমিউনিটি পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৯ মার্চ) বিকাল দুই ঘটিকার সময় বানিয়াচং উপজেলার মার্কুলী বাজার সংলগ্ন খেলার মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

৫নং দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. লুৎফুর রহমানের সভাপতিত্বে ও বানিয়াচং থানার সিপিও সেকেন্ড অফিসার ওমর ফারুক মোড়লের পরিচালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলার পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল) শৈলেন চাকমা, বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাম্মেল হক ও নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম আতাউর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে এসপি জয়দেব কুমার ভদ্র বলেন, পুলিশ ও জনগণের মাঝে সেতুবন্ধন তৈরি করেছে কমিউনিটি পুলিশ। এ কমিটির মাধ্যমে পারস্পরিক সহযোগিতায় দেশকে জঙ্গিবাদ, মাদক ও সন্ত্রাসমুক্ত করা হবে।

তিনি আরও বলেন, বর্তমানে দেশে মূল সমস্যা মাদক ও জঙ্গিবাদ। শুধু পুলিশের উপর কার্যক্রমের অপেক্ষায় না থেকে সমাজের সর্বস্তরের লোকজন এগিয়ে আসলে এসব অপরাধমূলক কর্মকাণ্ড দূর করা সম্ভব। পুলিশ-জনতা একসাথে কাজ না করলে মাদক ও জঙ্গিবাদের মত বড় সমস্যা দূর করা যাবে না। সমাজে মানুষের শান্তির জন্য নাগরিক এবং পুলিশের পারস্পারিক আস্থা ও সহযোগিতা একান্ত প্রয়োজন। আর এ ক্ষেত্রেও সেতুবন্ধন হিসেবে কাজ করবে কমিউনিটি পুলিশিং। জনগণকে পুলিশের উপর আস্থা ও ভরসা রাখতে হবে।

কমিউনিটি পুলিশিং সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, নবীগঞ্জ উপজেলার ১নং ইউপির চেয়ারম্যান সত্যজিৎ দাস, মুক্তিযোদ্ধা মনীন্দ্র চন্দ্র দাস, জেলা শ্রমিক লীগের সহ-সভাপতি প্রফুল্ল কুমার বৈষ্ণব, বাজার ব্যবসায়ী মনিন্দ্র আচার্য মনি, কাদির উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাজুল ইসলাম, ব্র্যাক ব্যাংক মার্কুলী শাখার ম্যানেজার মোশরাফুল ইসলাম ও হাফিজুর রহমান মলাই প্রমুখ।

অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.