Sylhet Today 24 PRINT

শেখ হাসিনাকে সম্মান দেখিয়ে মানুষ নৌকায় ভোট দিবেন : জয়া সেনগুপ্ত

দিরাই প্রতিনিধি |  ২০ মার্চ, ২০১৭

সুনামগঞ্জের দিরাই-শাল্লার আসন্ন উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী প্রয়াত বর্ষীয়ান রাজনীতিবিদ সুরঞ্জিত সেনগুপ্তের স্ত্রী ড. জয়া সেনগুপ্ত বলেছেন, উন্নয়নের স্রোতধারা অব্যাহত রাখতে শেখ হাসিনাকে সম্মান দেখিয়ে দিরাই শাল্লার মানুষ নৌকা মার্কায় ভোট দিবেন এ আমার বিশ্বাস।

সোমবার (২০ মার্চ) বিকেলে দিরাই উপজেলার কুলঞ্জ ইউপি আওয়ামী লীগের উদ্যোগে আকিল শাহ বাজারে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, কুলঞ্জ ইউনিয়নবাসী আজ যে ভালবাসা আমাকে দেখিয়েছেন, তা আমি কোন দিন ভুলব না। আমার প্রয়াত স্বামী সুরঞ্জিত সেনগুপ্ত আপনাদেরই সৃষ্টি। সুরঞ্জিত সেনগুপ্ত আজীবন ভাটি বাংলার অবহেলিত মানুষের অধিকার আদায়ে বলিষ্ঠ ভূমিকা রেখেছেন। জননেত্রী শেখ হাসিনা সুরঞ্জিত সেনগুপ্তের অসমাপ্ত কাজ সমাপ্ত করার লক্ষ্যে দিরাই-শাল্লার উপনির্বাচনে আমাকে আওয়ামীলীগের মনোনয়ন দিয়েছেন।

ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তজমুল মিয়ার সভাপতিত্বে এবং ইউনিয়ন আওয়ামী লীগ নেতা সাজ্জাদ হোসেন ও ফুল মিয়ার যৌথ সঞ্চালনায় পথসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ছাতক-দোয়ারা বাজার আসনের এমপি মহিবুর রহমান মানিক, আজমীরীগঞ্জ-বানিয়াচং আসনের এমপি আব্দুল মজিদ খান, দিরাই পৌরসভার মেয়র মোশাররফ মিয়া, সিলেট মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এ্যাডভোকেট সামছুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি এডভোকেট সোহেল আহমদ ও দিরাই পৌরসভার মেয়র আজিজুর রহমান বুলবুল।

এছাড়া বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সভাপতি রঞ্জন কুমার রায়, যুবলীগ নেতা মোহন চৌধুরী, আফজল হোসেনসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

এর আগে দিনব্যাপী ইউনিয়নের বিভিন্ন বাজার ও গ্রামে গণসংযোগ ও পথসভা করেন ড. জয়া সেনগুপ্ত। আগামী ৩০ মার্চ সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে উপ নির্বাচন অনুষ্ঠিত হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.