Sylhet Today 24 PRINT

মাধবপুরে ছিনতাইকারীর বিচার করায় ৩ জনের জমির শস্য কর্তন

মাধবপুর প্রতিনিধি |  ২০ মার্চ, ২০১৭

হবিগঞ্জের মাধবপুরে নারী এনজিও কর্মীর ছিনতাই হওয়া টাকা দৃর্বৃত্তের কাছ থেকে উদ্ধার করে দেওয়ায় ৩ ব্যক্তির ৯০ শতক জমির শসা গাছ রাতের আধাঁরে কেটে ফেলেছে দৃর্বৃত্ত রুবেল মিয়া ও তার সহযোগিরা। এতে প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা।

রোববার (১৯ মার্চ) রাতের কোন এক সময় এ ঘটনা ঘটে।

খবর পেয়ে চৌমুহনী ইউপি'র চেয়ারম্যান মো. আপন মিয়া, কাসিমনগর পুলিশ ফাঁড়ির এএসআই আলমগীর হোসেন ও মাধবপুর উপজেলার উপ সহকারি কৃষি কর্মকর্তা অর্ধেন্দু দেব অসিত সোমবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এদিন সকালে দোষীদের বিচার দাবিতে এলাকাবাসী প্রতিবাদ সভা করেছেন।

স্থানীরা জানান, রোববার বেসরকারি উন্নয়ন সংস্থা সেন্টার ফর কমিউনিটি ডেভেলপমেন্ট এ্যাসিস্ট্যান্ট (সিসিডিএ) এর মনতলা ব্রাঞ্চের এক নারী কর্মী জালালপুর গ্রাম থেকে কিস্তি উত্তোলন করে সন্ধ্যা প্রায় সাড়ে ৬টার দিকে অফিসে ফেরার পথে চেঙ্গারবাজার ঈদগাঁ এর কাছে হবিবপুর গ্রামের তাজুল ইসলামের ছেলে রুবেল মিয়া (২২) ওই কর্মীর গলায় ছুরি ধরে উত্তোলিত কিস্তির টাকা ছিনিয়ে নিয়ে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় জালালপুর গ্রামের লাল খাঁ রুবেলকে জাপটে ধরার চেষ্টা করলে সে পালিয়ে যায়।

পরে ওই নারী স্থানীয় মুরুব্বী শেখ তোফাজ্জল হোসেন ছুরুক, শফিকুল ইসলাম, রফিকুল ইসলাম ও ধন মিয়াকে জানালে মুরুব্বীরা রুবেলের অভিভাবকদের ডেকে এনে ছিনতাই হওয়া টাকা ফেরত দিতে নির্দেশ দেন। তাঁদের নির্দেশ ও হস্তক্ষেপের ফলে ছিনতাইয়ের টাকা ফেরত দিতে রুবেল বাধ্য হয়।

এতে ক্ষিপ্ত হয়ে রুবেল মিয়া রোববার রাতের আধাঁরে তার সহযোগীদের নিয়ে হবিবপুর গ্রামের শফিকুল ইসলাম, রফিকুল ইসলাম ও ধন মিয়ার ৯০ শতাংশ জমির শসা গাছ কেটে ফেলে।

এ ব্যাপারে চৌমুহনী ইউপি চেয়ারম্যান মুহাম্মদ আপন মিয়া জানান, রুবেলের বিরুদ্ধে ডাকাতি, ছিনতাইসহ অনেক মামলা রয়েছে। সে সম্প্রতি জেল থেকে ছাড়া পেয়ে আবারও ছিনতাইসহ নানা অপরাধ সংঘটিত করে যাচ্ছে।

এ ব্যাপারে শফিকুল ইসলাম বাদী হয়ে মাধবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.