Sylhet Today 24 PRINT

শাল্লায় হাঁসের খামারের টাকার ভাগ নিয়ে সংঘর্ষে শিক্ষার্থী নিহত

সুনামগঞ্জ প্রতিনিধি |  ২১ মার্চ, ২০১৭

সুনামগঞ্জের শাল্লায় হাঁসের খামারের টাকার ভাগাভাগি নিয়ে দু'পক্ষের সংঘর্ষে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এতে উভয়পক্ষে আহত হয়েছে অন্তত ১০ জন।

সোমবার বিকেল ৪টার দিকে উপজেলার খেওড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত নিকন দাস (১৭) স্থানীয় বলরামপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, খেওড়া গ্রামের গোপেন্দ্র দাস ও তার আত্মীয় দিরাই উপজেলার টুকচাঁনপুরের নারায়ণ দাস যৌথভাবে হাঁসের খামার করেছেন। হাঁস বিক্রির টাকার ভাগাভাগি নিয়ে দুজনের মধ্যে বিরোধের সূত্রপাত হয়। এর জের ধরে সোমবার বিকেলের সংঘর্ষে গোপেন্দ্র দাসের ছেলে নিকন দাসসহ (১৭) দু'পক্ষে অন্তত ১০ জন আহত হয়। গুরুতর আহত নিকনকে প্রথমে শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপেক্সে ভর্তি করা হয়। পরে সঙ্কটাপন্ন অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের সময় পথে তার মৃত্যু হয়।

শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান জানান, হাঁসের খামারের টাকার ভাগাভাগি নিয়ে দুইপক্ষের সংঘর্ষে একজন নিহত ও কয়েকজন আহত হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.