Sylhet Today 24 PRINT

ইছালে সওয়াবের মাহফিলে নারীদের নৃত্য!

সিলেটটুডে ডেস্ক |  ২১ মার্চ, ২০১৭

মৌলভীবাজারে ইছালে সওয়াবের মাহফিলে নৃত্য পরিবেশন করেছেন নারী শিল্পীরা। রোববার রাত ১২টার দিকে মৌলভীবাজার সদর উপজেলার দক্ষিণ নিতেশ্বর গ্রামের তথাকথিত পীর শাহ বশির মিয়ার বাড়ির আস্তানার পাশে বশিরের অনুসারী সালেহা বেগমের উঠোনে এ ইছালে সওয়াব মাহফিলের (বার্ষিক উরস) আয়োজন করা হয়।

মূল উরসের পাশে আরো দুটি আসর বসে। স্থানীয়ভাবে এগুলোকে কাফেলা বলা হয়। এই আস্তানার পাশেই রয়েছে নিতেশ্বর দক্ষিণ জামে মসজিদ।

এই উরসে নারী শিল্পীরা বিভিন্ন মারফতি ও বাউল গান পরিবেশন করেন। উরসে বসানো হয় পৃথক পৃথক ৩টি কাফেলা। রাত দেড়টা পর্যন্ত তিন কাফেলায় ছয় তরুণী নৃত্য পরিবেশন করেন।

এছাড়াও মঞ্চে লাগানো ব্যানারে আয়োজক কমিটির সদস্যদের ছবিসহ নাম টানানো ছিল। এর মধ্যে উজ্জ্বল আহমদ রানা, কামাল মিয়া, বশির মিয়া, আফজল মিয়া, সালেহা বেগম, আল আমিন, নূরুল আমিন ও তোতা মিয়া প্রমুখের নাম উল্লেখযোগ্য।

স্থানীয়রা জানান, রাত ৩টার পর হবিগঞ্জ, শ্রীমঙ্গলের বিভিন্ন চা বাগান ও ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থেকে আসা নারীরা নৃত্য পরিবেশন করেন।

নিতেশ্বর গ্রামের ৮ নং ওয়ার্ডের সাবেক মেম্বার মজনু মিয়া বলেন, কালা শাহ, শাহ গাজী ও গাছপীর সাহেবের মত ওলিদের মাজার ও আস্তানা কেন্দ্রিক যে ঢোল-ঢপকি ও গান বাজনা আয়োজন করা হয় তা সত্য। আমি তার সম্পূর্ণ বিরোধী।

স্থানীয় মেম্বার শেখ কাশেম আলী মেয়ে-ছেলে মিলে গান বাজনার সত্যতা স্বীকার করে বলেন, আমার এলাকার প্রতি মেলাতে গান-বাজনা হয়।

এ ব্যাপারে মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মোহাম্মদ শাহজালাল বলেন, ওই উরসে নৃত হয়েছে এরকম কিছু আমার জানা নেই।
সূত্র : যুগান্তর

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.