Sylhet Today 24 PRINT

৩২ বছর বেদখলে থাকা ৩৫ কোটি টাকার ভূ-সম্পত্তি উদ্ধার

নিজস্ব প্রতিবেদক |  ২১ মার্চ, ২০১৭

৩২ বছর পর সিলেট নগরীর দক্ষিণ কাজলশাহ এলাকায় সৎ ভাইয়ের কাছে বে দখলে থাকা প্রায় ৩৫ কোটি টাকার সম্পত্তি আদালতের নির্দেশে ফিরে পেলেন আব্দুর রহমান আবুল।

মঙ্গলবার (২১ মার্চ) দুপুরে সিলেট জজ কোর্টের নির্বাহী ম্যাজিস্ট্র্যাট জিয়াউল ইসলাম চৌধুরীর নেতৃত্বে এক উদ্ধার অভিযানের মাধ্যমে এ সম্পত্তি ফিরে পান তিনি। এসময় আইনশৃঙ্খলাবাহিনীর শতাধিক সদস্য জিয়াউল ইসলামকে সহযোগিতা করেন।

জিয়াউল ইসলাম চৌধুরী জানান, দক্ষিণ কাজলশাহ এলাকার ২.৩০ একর ভূ-সম্পত্তি আদালতের নির্দেশে উদ্ধার করা হয়েছে।

তিনি আরো জানান, আবদুর রহমান আবুল নামে ব্যক্তি আদালত থেকে রায় পেয়ে সম্পত্তি দখল থেকে উদ্ধারের জন্য আবেদন জানান। এর প্রেক্ষিতে দখলকৃত জায়গায় থাকা স্কুল ও বাসা-বাড়িসহ বিভিন্ন স্থাপনা ভেঙ্গে দেয়া হয়।

জিয়াউল জানান, এর আগে দখলকৃত জায়গায় থাকা বসবাসকারীদের খালি করে দেয়ার জন্য লিখিত অনুরোধ জানানো হয়েছিল। কিন্তু সে অনুরোধে সাঁড়া না দেওয়ায় আজ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযান শেষে প্রকৃত মালিককে উদ্ধারকৃত সম্পত্তি বুঝিয়ে দেয়া হয়।

মামলাসূত্রে জানা যায়, ঐ এলাকার মরহুম হাজী আব্দুল বারীর পূত্র আব্দুর রহমান, তার অপর ভাই ও ৫ বোনের ২৩০ ডেসিমিল  ভূ-সম্পত্তি তাদের সৎ ভাই আব্দুর রউফ লাল মিয়া গত প্রায় ৩২ বছর থেকে ভোগ দখল করে আসছেন। বাদির অভিযোগ, তার সঙ্গে সহযোগিতা করছেন বিএনপি নেতা আব্দুল কাইয়ুম জালালী পংকী।

আব্দুর রহমান আবুল জানিয়েছেন, তার মার দেওয়া রেজিস্ট্রিকৃত সম্পত্তি জোরপূর্বক দখল ও ভোগ করছিলেন তার সৎভাই লাল মিয়া।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.