নিজস্ব প্রতিবেদক | ২১ মার্চ, ২০১৭
সিলেটের জৈন্তাপুরে র্যাবের অভিযানে বিস্ফোরক, ফিউজ ও ডিটোনেটরসহ একজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
মঙ্গলবার (২১ মার্চ) রাত ২টা ২০ মিনিটে জৈন্তাপুর থানার হরিপুরে গোপন সংবাদের ভিত্তিতে সহকারি পরিচালক জে.এম ইমরানের নেতৃত্বে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামির নাম মো. ফারুক আহমেদ (৩৮)। তিনি সিলেট জেলার জৈন্তাপুর থানার বালিপাড়া গ্রামের আজিজুর রহমানের ছেলে। এ সময় তাঁর কাছ থেকে ১০টি বিস্ফোরক, ২টি ফিউজ ও ১০ টি বৈদ্যুতিক ডিটোনেটর উদ্ধার করা হয়।
র্যাবের জিজ্ঞাসাবাদে ফারুক জানান, বিস্ফোরক সীমান্ত এলাকা থেকে সংগ্রহ করা হয়েছে।
র্যাব জানায়, কে বা কারা কি উদ্দেশ্যে এই বিস্ফোরক সরবরাহ করেছে তা উদঘাটনের জন্য তদন্ত কার্যক্রমসহ অভিযান অব্যাহত রয়েছে।