Sylhet Today 24 PRINT

মাধবপুরে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ

মাধবপুর প্রতিনিধি |  ২১ মার্চ, ২০১৭

হবিগঞ্জের মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের বোরহানপুর গ্রামে শিল্পী আক্তার (২৬) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। তাকে শ্বশুরবাড়ির লোকজন পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ করেছেন শিল্পীর বাবা।

মঙ্গলবার (২১ মার্চ) দুপুরে পুলিশ নিহতের স্বামীর বাড়ি থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করেছে।

নিহত শিল্পী উপজেলার বোরহানপুর গ্রামের আবুল হোসেনের স্ত্রী।

শিল্পীর বাবা সুন্দর আলী জানান, মেয়ের জামাতা ও পরিবারের সদস্যদের নির্যাতনে তার মেয়ে শিল্পীর মৃত্যু হয়েছে। এ মৃত্যুকে অন্য দিকে আড়াল করতে প্রথমে প্রচার করা হয় শিল্পী স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা গেছে।

মঙ্গলবার দুপুরে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক শিল্পীর অবস্থার অবনতি দেখে তাকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিল্পীকে মৃত ঘোষণা করেন।

সেখান থেকে শিল্পীর শ্বশুর লাল জহুর কাউকে কিছু না বলে লাশ দ্রুত নিজের বাড়িতে নিয়ে যান। ঘটনার খবর পেয়ে শিল্পীর স্বজনরা সেখানে ছুটে যান। ঘটনার পর থেকে নিহত শিল্পীর স্বামীর বাড়ির লোকজন পলাতক রয়েছে।

খবর পেয়ে মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (এসআই) কামরুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন।

পুলিশ ও নিহতের পরিবার জানায়, উপজেলার আফজলপুর গ্রামের সুন্দর আলীর মেয়ে শিল্পী আক্তারের সঙ্গে একই উপজেলার বোরহানপুর গ্রামের লাল জহুরের ছেলে আবুল হোসেনের বিয়ে হয়। তারা ৫ সন্তানের জনক-জননী। বিয়ের পর থেকে তাদের দাম্পত্য জীবনে কলহ ছিল।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকতাদির হোসেন পিপিএম জানান, ধারণা করা হচ্ছে স্বামী ও তার পরিবারের নির্যাতনে শিল্পীর মৃত্যু হয়েছে। তবে ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলে বিস্তারিত জানা যাবে। এ ঘটনার মাধবপুর থানায় হত্যার অভিযোগে নিয়মিত মামলা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.