Sylhet Today 24 PRINT

কাজিরবাজার সেতু এন্টারটেইনমেন্টের জায়গা: ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক |  ২২ মার্চ, ২০১৭

যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সিলেট নগরীর কাজিরবাজার সেতুকে এন্টারটেইনমেন্টের জায়গা হিসেবে উল্লেখ করেছেন।

বুধবার (২২ মার্চ) দুপুরে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে বাংলাদেশ আওয়ামী লীগের সিলেট বিভাগীয় তৃণমূল প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

মন্ত্রী বলেন, কাজিরবাজার ব্রিজ অসমাপ্ত ছিল। এই ব্রিজ বর্তমান সরকার সম্পূর্ণ করেছে। আমি যতবার সিলেট আসি, ততবার দেখি এ ব্রিজে সেতুর চেয়ে এন্টারটেইনমেন্ট বেশি। তরুণ-তরুণীরা রাত ৯টা পর্যন্ত বেড়াচ্ছে, হাওয়া খাচ্ছে।

এ সময় তিনি সিলেট বিভাগের যোগাযোগ ব্যবস্থায় বর্তমান সরকারের অবদানের কথা উল্লেখ করে বলেন, কোম্পানীগঞ্জ-ভোলাগঞ্জ সড়ক দীর্ঘদিন ধরেই সংস্কার হয়নি। বর্তমান সরকার এ সড়কের পুনর্নির্মাণ কাজে বরাদ্দ দিয়েছে।

তিনি আরো বলেন, আজকের সিলেটে যেদিকে যাই, ব্রিজ আর ব্রিজ। সুনামগঞ্জে ২০টা ব্রিজ, সিলেটে আরো ১৭টি ব্রিজ নির্মাণ করা হয়েছে। সিলেট-ঢাকা বাইপাস সড়কের উন্নয়ন হচ্ছে।

আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এমপির সভাপতিত্বে ও সিলেটের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেনের পরিচালনায় সম্মেলনে বক্তব্য রাখেন অর্থমন্ত্রী ও সিলেট-১ আসনের সংসদ সদস্য আবুল মাল আব্দুল মুহিত, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, কেন্দ্রীয় আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ’র সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথ এমপি, কেন্দ্রীয় সদস্য ও সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, জেলা সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরীসহ বিভিন্ন জেলা, উপজেলা ও পৌরসভার নেতারা বক্তব্য রাখেন।

প্রসঙ্গত, দীর্ঘ ১৫ বছর পর এই বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হল। সিলেটসহ বিভাগের অন্য তিন জেলার নেতাকর্মীরা সমাবেশে উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.