Sylhet Today 24 PRINT

মুফতি হান্নানসহ ৩ জঙ্গির মৃত্যু পরোয়ানা সিলেট কারাগারে

সাবেক ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলা মামলা

নিজস্ব প্রতিবেদক |  ২২ মার্চ, ২০১৭

সিলেটে সাবেক ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলা মামলায় মৃতুদণ্ডাদেশ প্রাপ্ত হরকাতুল জিহাদ নেতা মুফতি আবদুল হান্নান, তার সহযোগী শরীফ শাহেদুল বিপুল ও দেলোয়ার হোসেন রিপনের মৃত্যু পরোয়ানা সিলেট কেন্দ্রিয় কারাগারে পৌঁছেছে।

বুধবার (২২ মার্চ) বিকেল ৬টায় সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনাল থেকে এ পরোয়ানা সিলেট কেন্দ্রিয় কারাগারে পৌঁছায়।

সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানিয়েছেন সিলেট কেন্দ্রিয় কারাগারের সিনিয়র জেল সুপার সগীর আলী।

জেল সুপার জানান, মৃত্যুদণ্ড প্রাপ্ত ৩ আসামির মধ্যে দেলোয়ার হোসেন রিপন সিলেট কেন্দ্রিয় কারাগারে বন্দি আছেন। আর অন্য দুই আসামি মুফতি আবদুল হান্নান ও শরীফ শাহেদুল বিপুল বন্দি আছেন কাশিমপুর কারাগারে। রিপনের মৃত্যু পরোয়ানা সিলেট কেন্দ্রিয় কারাগারে রেখে বাকি দুজনের মৃত্যু পরোয়ানা আজই গাজীপুরের কাশিমপুর কারাগারে পাঠানো হবে।

এর আগে ঢাকায় এক সংবাদ সম্মেলনে কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন জানান, মুফতি আবদুল হান্নানসহ তিনজনের মৃত্যুদণ্ডাদেশ কার্যকরে কারা কর্তৃপক্ষ প্রস্তুত রয়েছে। সিলেট থেকে মৃত্যু পরোয়ানা কাশিমপুর কারাগারে যাওয়ার পর সেখানে বন্দি ২ জঙ্গির ফাঁসি কার্যকরে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

এদিকে বুধবার সকালে রাষ্ট্রপতির কাছে প্রানভিক্ষার আবেদন করেছেন মুফতি হান্নান। তবে সিলেটে বন্দি জঙ্গি রিপন প্রাণভিক্ষার আবেদনের সিদ্ধান্ত নেয়ার আগে তার আইনজীবী ও পরিবারের সঙ্গে দেখা করতে চেয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.