বড়লেখা প্রতিনিধি | ২২ মার্চ, ২০১৭
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউপি’র ৫ নম্বর ওয়ার্ডে উপ-নির্বাচন ১৬ এপ্রিল অনুষ্ঠিত হবে। ওই ওয়ার্ডের নির্বাচিত ইউপি সদস্য আবুল হোসেন আলম সন্ত্রাসী হামলায় নিহত হওয়ায় শূন্যস্থান পূরণে এ নির্বাচন অনুষ্ঠিত হবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউপি’র ৫ নম্বর ওয়ার্ডের সদস্য আবুল হোসেন আলম গত বছরের ২৯ সেপ্টেম্বর সন্ত্রাসী হামলায় নিহত হওয়ায় তাঁর পদটি শূন্য হয়ে যায়। এ পদটি পূরণে ঐ ওয়ার্ডে পুনঃনির্বাচনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। ইতিমধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা, প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল, যাচাই-বাছাইও সম্পন্ন হয়েছে। যাচাই-বাছাই শেষে ১২ জন প্রার্থীর মনোনয়ন বৈধ হয়।
নির্বাচন অফিস সূত্র জানায়, আসন্ন উপ-নির্বাচনে অংশ গ্রহণের লক্ষ্যে গত ২০ মার্চ প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেন। ২১ মার্চ যাচাই-বাছাই শেষে ১২ জন প্রার্থীর মনোনয়ন বৈধ হয়। বৈধভাবে মনোনীত প্রার্থীরা হচ্ছেন-হেলাল উদ্দিন, সেলিম আহমদ, আব্দুল মন্নান, মো. মকসুদ আহমেদ রানা, ওমর ফারুক, মো. রফিক উদ্দিন, একরাম উদ্দীন, ফারুক আহমদ, মো. নুরুজ আলী, মতিউর রহমান, মো. মিল্লাদ হোসেন, বাপ্পন দে। বৈধভাবে মনোনীত প্রার্থীদের মধ্য থেকে প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ২৮ মার্চ। ২৯ মার্চ প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্ধ দেওয়া হবে।
উপ-নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ কুতুব উদ্দিন বুধবার জানিয়েছেন, ‘১৬ এপ্রিল সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে এ বিষয়ে প্রস্তুতি নেওয়ার জন্য আনুষ্ঠানিকভাবে সকল দপ্তরে চিঠি পাঠানো হয়েছে।’