হবিগঞ্জ প্রতিনিধি | ২৩ মার্চ, ২০১৭
হবিগঞ্জ পৌরসভার মেয়র হিসেবে পুনরায় দায়িত্ব গ্রহণ করেছেন আলহাজ্ব জি কে গউছ। দায়িত্ব নিয়ে দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের জনপ্রতিনিধি হিসেবে হবিগঞ্জ পৌরসভাকে নতুনভাবে ঢেলে সাজোনোর ঘোষণা দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (২৩ মার্চ) বেলা সাড়ে ১১টায় পৌর ভবনে এক জনাকীর্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে হাইকোর্টের আদেশ ও মন্ত্রণালয়ের পত্র অনুযায়ী মেয়র পদে দায়িত্ব গ্রহন করেন গউছ।
এসময় এক সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, ২০০৪ সালে হবিগঞ্জ পৌরসভার দায়িত্ব পাওয়ার পর থেকে আমি বাধার সম্মুখীন হয়েছি। প্রথম মেয়াদে ৫৯১ দিন এবং সম্প্রতি ৭৩৯ দিন মিথ্যা মামলায় আমাকে কারাবরণ করতে হয়েছে। তবে আল্লাহর অশেষ মেহেরবানীতে এবং হবিগঞ্জবাসীর দোয়া ও সমর্থনের কারনে আমি আবারো আপনাদের সামনে হাজির হতে পেরেছি। আমি আপনাদের কাছে আমৃত্যু ঋণী হয়ে থাকবো।
পৌরসচিব নূরে আলম সিদ্দিকীর পরিচালনায় পৌর ভবনে মেয়রের দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদায়ী ভারপ্রাপ্ত মেয়র দীলিপ দাস, চুনারুঘাট পৌরসভার মেয়র নাজিম উদ্দিন ও হবিগঞ্জ পৌর পরিষদের কাউন্সিলরবৃন্দ। এছাড়াও হবিগঞ্জ শহরের বিশিষ্ট ব্যাক্তিবর্গ, বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
পরে মেয়র, কাউন্সিলরবৃন্দ ও পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের সাথে বৈঠক করেন।