Sylhet Today 24 PRINT

রাতে নয়, এবার স্বাধীনতা দিবসে ভোরে শ্রদ্ধাঞ্জলি নিবেদন

নিজস্ব প্রতিবেদক |  ২৩ মার্চ, ২০১৭

প্রতিবছর স্বাধীনতা দিবসে মধ্যরাতে (১২ টা ১ মিনিট) সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হলেও এবছর থেকে ভোরে এই কর্মসূচী পালন করা হবে। ২৬ মার্চ সূর্যোদেয়র সাথে সাথে (ভোর ৫ টা ৫৭ মিনিটে) এই কর্মসূচী শুরু হবে বলে বৃহস্পতিবার সিলেট জেলা প্রশাসক কার্যালয় থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সিলেটের নেজারত ডেপুটি কালেক্টর শহীদুল ইসলাম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০ মার্চ মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় থেকে রাতের বদলে সূর্যোদয়ের সাথেসাথে পুষ্পস্তবক অর্পনের নির্দেশ দেওয়া হয়। এই নির্দেশনা মোতাবেক ২৬ মার্চ ভোরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের স্মৃতিতে পুষ্পস্তবক অর্পন করা হবে।

এ ব্যাপারে নেজারত ডেপুটি কালেক্টর শহীদুল ইসলাম সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এবছর থেকে ২৫ মার্চ গণহত্যা দিবস হিসেবে পালিত হবে। এই দিনটিকে আন্তর্জাতিক গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতির জন্য জাতিসংঘে আবেদন করা হয়েছে।

ফলে এবছর সারাদেশেই রাতের পরিবর্তে ভোরে শহীদদের স্মৃতিতে পুষ্পস্তবক অর্পন করা হবে।

বিভিন্ন জাতীয় দিবসে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন অনুষ্ঠান ব্যবস্থাপনায় থাকে সম্মিলিত নাট্য পরিষদ। এ ব্যাপারে নাট্য পরিষদের সাধারণ সম্পাদক রজতকান্তি গুপ্ত বলেন, প্রশাসনের পক্ষ থেকে এ ব্যাপারে আমাদের সাথে আলোচনা হয়েছে। আমরা ভোরে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের অনুষ্ঠান আয়োজনে প্রস্তুতি নিচ্ছি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.