বিশ্বনাথ প্রতিনিধি | ২৩ মার্চ, ২০১৭
সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান ও সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট লুৎফুর রহমান বলেছেন, শিক্ষার্থীদের দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলার লক্ষে শিক্ষক, অভিভাবক ও সচেতন মহলকে একযোগে কাজ করতে হবে। কেননা দক্ষ জনশক্তির অভাবে আমাদের সিলেট অঞ্চল অনেকটা পিছিয়ে রয়েছে। কাজেই দেশ ও জাতীর উন্নতিকল্পে আমাদের শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে।
বৃহস্পতিবার (২৩ মার্চ) বিকেলে বিশ্বনাথের দেওকলস দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয় ও কলেজের ৩৯তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এর আগে অনুষ্ঠানের প্রধান অতিথি অ্যাডভোকেট লুৎফুর রহমানসহ অনুষ্ঠানের সকল অতিথিরা প্রতিষ্ঠানের বার্ষিক প্রকাশনা ‘সূচনা’ নামক স্মারকের মোড়ক উন্মোচন করেন।
দেওকলস দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয় ও কলেজ গভর্নিং বডির সভাপতি সাবেক ইউনিয়ন চেয়ারম্যান হাজী ফখরুল আহমদ মতছিনের সভাপতিত্বে ও অধ্যক্ষ এম আব্দুল মুকিদ এবং শিক্ষক বিল্লাল হোসেনের উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের সংরক্ষিত মহিলা আসনের সদস্য সুষমা সুলতানা রুহী, যুক্তরাজ্য প্রবাসী সায়েস্তা মিয়া, স্থানীয় ইউপি সদস্য খায়রুল আমীন আজাদ, শিক্ষানুরাগী দিলোয়রার হোসেন রুপন, আজাদ মিয়া ও সিতার মিয়া।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন শিক্ষার্থী শামীমা খানম শাম্মী ও স্বাগত বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক রুহুল আমিন ভূঁইয়া। আলোচনা সভা শেষে প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের স্কুল সংগীতের মাধ্যমে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু করা হয়।
পরে বিদ্যালয়ের শিক্ষার্থী ও অতিথি শিল্পীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে জেলা পরিষদের সংরক্ষিত আসনের মহিলা সদস্য সুষমা সুলতানা রুহীও গান পরিবেশনা করেন।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সদস্য হাজী মদরিছ আলী, সাবেক সদস্য সুন্দর আলী, বর্তমান সদস্য সিরাজ মিয়া, নজির আহমদ, ইউপি সদস্য জহুর আলী, রাজনীতিবিদ জবেদুর রহমান মেম্বার, এএইচএম ফিরুজ আলী, ফারুক আহমদ, বশির আহমদ, জয়ন্ত আচার্য, সমর কুমার দাশ, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম খায়ের, সহ-সভাপতি আশিক আলী, বর্তমান সহ-সভাপতি মামুনুর রশীদ মামুন, সাধারণ সম্পাদক মোসাদ্দিক হোসেন সাজুল, প্রচার সম্পাদক আক্তার আহমদ শাহেদ, সাংবাদিক প্রনঞ্জয় বৈদ্য অপু, অসিত রঞ্জন দেব, নূর উদ্দিন, সংগঠক আঙ্গুর মিয়া, নুরুল ইসলাম খান।