Sylhet Today 24 PRINT

জয়া সেনগুপ্তের পক্ষে ছাত্রলীগ সাধারণ সম্পাদকের প্রচারণা

দিরাই প্রতিনিধি |  ২৩ মার্চ, ২০১৭

দিরাই-শাল্লার উপনির্বাচনে আওয়ামী লীগ দলীয় প্রার্থী প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্তের স্ত্রী জয়া সেনগুপ্তের পক্ষে প্রচারণা চালিয়েছেন বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস.এম জাকির হোসাইন।

বৃহস্পতিবার (২৩ মার্চ) দুপুরে দিরাই পৌর শহরের থানা পয়েন্টের সেন মার্কেট প্রাঙ্গণে দিরাই উপজেলা ছাত্রলীগ আয়োজিত পথসভায় বক্তব্যে জাকির হোসাইন বলেছেন, দিরাই শাল্লার মানুষের সহযোগিতায় সুরঞ্জিত সেনগুপ্ত অজপাড়াগায়ে জন্ম নিয়েও জাতীয় রাজনীতিতে বলিষ্ঠ ভূমিকা রেখেছেন। সুরঞ্জিত সেনগুপ্ত ছিলেন সংবিধান প্রণেতা, প্রখ্যাত পার্লামেন্টারিয়ান ও জাতীয় নেতা। তাঁর মৃত্যুতে জাতি একজন অভিভাবক হারিয়েছে। আমরা তাঁর আত্মার শান্তি কামনা করি।

তিনি আরও বলেন, সুরঞ্জিতের সেনগুপ্তের আকস্মিক মৃত্যুতে দিরাই-শাল্লার উপনির্বাচনে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের দলীয় মনোনয়ন দিয়েছেন তাঁর সহধর্মীনি ড. জয়া সেনগুপ্তকে। জয়া সেনগুপ্ত একজন উচ্চ শিক্ষিত নারী। সুরঞ্জিত সেনগুপ্তের অসমাপ্ত কাজ সমাপ্ত করতে দিরাই-শাল্লার মানুষ নৌকা প্রতীকের বিজয় নিশ্চিত করবেন এ আমার বিশ্বাস।

দিরাই উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক উজ্জল মিয়ার পরিচালনায় পথসভায় আরো বক্তব্য রাখেন বর্ষীয়ান রাজনীতিবিদ সুরঞ্জিত সেনগুপ্তের সহধর্মীনি ড জয়া সেনগুপ্ত, ছাতক দোয়ারাবাজার আসনের সাংসদ মুহিবুর রহমান মানিক, সুনামগঞ্জ পৌরসভার মেয়র আইয়ুব বখত জগলুল, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন, দিরাই পৌরসভার মেয়র মোশাররফ মিয়া, ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের গণযোগাযোগ বিষয়ক উপ-সম্পাদক মইনুল ইসলাম ফয়সাল, সিলেট জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সঞ্জয় চৌধুরী প্রমুখ।

পথসভা শেষে কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেনের নেতৃত্বে দিরাই বাজারে নৌকা প্রতীকের পক্ষে গণসংযোগ করেন নেতৃবৃন্দ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.