Sylhet Today 24 PRINT

জগন্নাথপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

জগন্নাথপুর প্রতিনিধি |  ২৪ মার্চ, ২০১৭

সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুর নুরের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে কলেজের শিক্ষার্থীরা। তারা অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত আবেদনও করেন।

বৃহস্পতিবার(২৩ মার্চ) দুপুরে কলেজ ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল বের করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে এসে শেষ হয়। বিক্ষোভ মিছিল শেষে শিক্ষার্থীরা কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে ইউএনও বরাবর একটি লিখিত অভিযোগ প্রদান করেন।

লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, কলেজ কর্তৃপক্ষ যে কোন পরীক্ষায় অকৃতকার্য হলে প্রতি বিষয়ে ১০০ টাকা ও অনুপস্থিত থাকলে প্রতি বিষয়ে ২০০ টাকা করে আদায় করে। উপবৃত্তির ক্ষেত্রে ধনী ও প্রভাবশালীদের প্রাধান্য দেয়া হয় যার কারণে অসহায় মেধাবী শিক্ষার্থীরা উপবৃত্তি থেকে বঞ্চিত হয়। এমনকি ভর্তির ক্ষেত্রেও অতিরিক্ত টাকা আদায় করা হয়। কোনো শিক্ষার্থী যদি অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হয় তাহলে শিক্ষার্থীদের হুমকি দিয়ে বিভিন্ন কৌশল অবলম্বন করা হয়। তাছাড়া তাঁর বিরুদ্ধে কেউ সোচ্চার হলে বহিষ্কারসহ মামলা মোকদ্দমার হুমকি প্রদান করা হয়। ইতোমধ্যে তাঁর করা মামলায় কলেজ শিক্ষার্থী আকমল হোসেন ভোগান্তিতে রয়েছেন।

এ ছাড়াও জুনায়েদ আহমদ, কাসেম আলী, মোজাহিদ আলী, সৈয়দ রিপনসহ কলেজের একাধিক শিক্ষার্থী তাঁর করা মামলা ও সাধারণ ডায়েরীতে তালিকাভুক্ত রয়েছেন।

শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল সহকারে উপজেলা নির্বাহী অফিসারের নিকট এসব সমস্যার সমাধান, দুর্নীতিমুক্ত শিক্ষাঙ্গন ও কলেজ ক্যাম্পাস গড়ে তুলতে সুদৃষ্টি কামনা করেন।

এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত অধ্যক্ষ আব্দুর নুর বলেন, ষাণ্মাসিক পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের পাশ না দেয়ায় এমন অপবাদ তারা আমার বিরুদ্ধে তুলছে। এসব অভিযোগ মিথ্যা। তবে অনেক বিষয় কলেজ পরিচালনা পর্ষদের সিদ্ধান্তে গ্রহণ করা হয়। আমি একক কোনো সিদ্ধান্ত গ্রহণ করি না।

জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম বিল্লাহ বলেন, আমি এখন অফিসের বাহিরে আছি। অফিসে এসে এ বিষয়ে খোঁজ নেব। তদন্তে করে অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর ব্যবস্থা গ্রহণ করার জন্য সুপারিশ করব।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.