নিজস্ব প্রতিবেদক | ২৪ মার্চ, ২০১৭
সিলেটের শিববাড়িতে জঙ্গিবিরোধী অভিযানে পাঁচ তলা ভবন ঘিরে রেখেছে আইন-শৃঙ্খলা বাহিনী। ঢাকা থেকে সোয়াট টিম সিলেটে পৌঁছানোর পর মূল বাড়ির অভ্যন্তরে অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছে পুলিশ।
সিলেট মহানগর পুলিশের কমিশনার গোলাম কিবরিয়া জানান, বাড়ি ঘিরে রেখেছে আইন-শৃঙ্খলা বাহিনী। শিববাড়ি এলাকা আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। আত্মসমপর্ণের আহবান জানাচ্ছি আমরা।
গোলাম কিবরিয়া আরও জানান, ঢাকা থেকে সোয়াটের টিম রওয়ানা দিয়েছে। সোয়াট পৌঁছার পর মূল অভিযানে যাওয়া হবে।
পুলিশ কমিশনার জানান, বাড়িটিতে থাকা জঙ্গিদের জীবিত আটকের চেষ্টা চলছে।
তিনি জানান, এরই মধ্যে যৌথ বাহিনীর সদস্যরা ভবনটির চারপাশ ঘেরাও করে রেখেছেন। ভবন লক্ষ্য করে পুলিশ একের পর এক গুলি ছুড়ছে। ঘটনাস্থলে তাঁর (গোলাম কিবরিয়া) নেতৃত্বে বিপুলসংখ্যক পুলিশ ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা নিরাপত্তায় নিয়োজিত আছেন। এ ছাড়া ওই ভবনে অভিযানের জন্য ঢাকা থেকে পুলিশের বিশেষায়িত বাহিনী সোয়াট ও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে। সকাল ১০টায় তারা ঢাকা থেকে রওনা দিয়েছে।
পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া সাংবাদিকদের বলেন, ‘আমরা জঙ্গিদের অবস্থান নিশ্চিত হতে পেরেছি। ভবনের বাসিন্দাদের উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে। এযাবৎ পাঁচতলা ও চারতলাবিশিষ্ট দুটি ভবন ঘেরাও করে রাখা হয়েছে।’
‘আমরা জঙ্গিদের আত্মসমর্পণের চেষ্টা চালাচ্ছি।’
শুক্রবার (২৪ মার্চ) সকাল সাড়ে ১০টায় এক ব্রিফিংয়ে পুলিশ কমিশনার এসব কথা বলেন।
এদিকে, সিলেট মহানগর পুলিশের উপ কমিশনার (দক্ষিণ) বাসুদেব বণিক চলমান জঙ্গিবিরোধী অভিযানে মিডিয়ার সহযোগিতা কামনা করে বলেন, দেশব্যাপী জঙ্গিদের নেটওয়ার্ক যাতে সংগঠিত না হতে পারে সেজন্যে মিডিয়াকর্মীদের সরাসরি সম্প্রচার না করার অনুরোধ করছি।
শুক্রবার সকালে দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রাখে আইন-শৃঙ্খলা বাহিনী। পুলিশ বলছে ওই বাড়িতে নারী জঙ্গি মর্জিনা সহ একাধিক জঙ্গি রয়েছে।
ঢাকা-চট্টগ্রামের ওই অভিযানের পর আটককৃত বিভিন্ন জঙ্গিদের দেওয়া তথ্যমতে বৃহস্পতিবার রাত থেকে শিববাড়ি এলাকার ৫তলা বাড়িটি ঘিরে রাখে ঢাকা থেকে আসা কাউন্টার টেরোরিজম ইউনিটের সদস্যরা।
এরপর ওই বাড়ির মূল ফটকে তালা লাগিয়ে দেয় তারা। শুক্রবার ভোর রাতে ভেতরে থাকা জঙ্গিরা গ্রেনেড চার্জ করে বলে স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়। পুলিশও কয়েক দফা গুলি ছুঁড়ে।
সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকার পাঠানপাড়া সড়কের পাশে অবস্থিত পাঁচতলা ও চার তলা বিশিষ্ট দুটি ভবনের নাম আতিয়া মহল। সিলেট নগরীর আতিয়া ট্রেভেলস্ এর স্বত্বাধিকারী দক্ষিণ সুরমার শিববাড়ির বান্দরঘাট (বন্দরঘাট)’র বাসিন্দা উস্তার মিয়া।
গত জানুয়ারি মাসে প্রাণ কোম্পানির অডিট অফিসার পরিচয়ে কাওসার আহমদ ও মর্জিনা বেগম ওই বাড়ি ভাড়া নেন বলে জানিয়েছেন বাড়ির মালিক উস্তার মিয়া।