নিজস্ব প্রতিবেদক | ২৪ মার্চ, ২০১৭
সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে 'আতিয়া মহল' নামের একটি বাড়ি ঘিরে জঙ্গিবিরোধী অভিযান চালাচ্ছে আইন-শৃঙ্খলা বাহিনী। শুক্রবার (২৪ মার্চ) ভোর থেকে শুরু হওয়া অভিযানের এক পর্যায়ে ওই ভবনের বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেয়ার কথা জানায় পুলিশ। তবে এখনো পুলিশের ঘিরে থাকা ভবনের ভেতর আটকা পড়ে আছে অন্তত ৩০টি পরিবার।
ওই ভবনের ভেতর আটকে পড়া একটি বেসরকারি সংস্থার কর্মকর্তা নজরুল ইসলাম মুঠোফোনে সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমি স্ত্রী-সন্তানসহ বাড়ির ভেতর আটকে আছি। বের হতে পারছি না।"
তিনি বলেন, "গুলির শব্দে বাচ্চারা ভয় পাচ্ছে, কান্নাকাটি করছে। আমরা খুবই আতঙ্কিত।"
শুক্রবার ভোর থেকে 'আতিয়া ভবন' নামক বাড়িটি ঘিরে রেখেছে পুলিশ। বাড়িটিতে 'জঙ্গি' মর্জিনা ও তার অন্তত দুইজন সহযোগী অবস্থান করছে বলে পুলিশের ধারণা। বাড়ির ভেতর থেকে একটি গ্রেনেড বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, গত জানুয়ারি মাসে প্রাণ কোম্পানির অডিট অফিসার পরিচয়ে কাওসার আহমদ ও মর্জিনা বেগম ওই বাড়ি ভাড়া নেন।
সিলেট মহানগর পুলিশের কমিশনার গোলাম কিবরিয়া জানান, বাড়ি ঘিরে রেখেছে আইন-শৃঙ্খলা বাহিনী। শিববাড়ি এলাকা আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। আত্মসমপর্ণের আহবান জানাচ্ছি আমরা।
তিনি আরও জানান, ঢাকা থেকে সোয়াত টিম সিলেটের উদ্দেশে রওয়ানা দিয়েছে। সোয়াত পৌঁছার পর মূল অভিযানে যাওয়া হবে।