নিজস্ব প্রতিবেদক | ২৪ মার্চ, ২০১৭
সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকার 'আতিয়া মহল' এর পাশের ভবন থেকে নিরাপদে সরিয়ে নেওয়া ২২জনকে ছেড়ে দিয়েছে পুলিশ। একই সঙ্গে রাতে বাড়ি না উঠার পরামর্শ দিয়েছে পুলিশ।
সকালে আতিয়া মহলের গেটে তালা দেওয়ার সময়ে তাদেরকে জহির তাহির মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে নিরাপদ স্থানে রাখা হয়।
সন্ধ্যায় তাদেরকে ওই স্কুল থেকে ছেড়ে দেওয়ার সময়ে রাতে তাদের বাসায় না ওঠার পরামর্শ দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জাহাঙ্গীর আলম নামের একজন। তার দেশের বাড়ি চট্টগ্রাম, কর্মসূত্রে তিনি সিলেটে থাকেন।
উল্লেখ্য, শুক্রবার ভোর থেকেই 'আতিয়া মহল' নামের পাঁচতলা বাড়িটি কর্ডন করে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী। ঢাকা থেকে পুলিশের বিশেষ বাহিনী সোয়াট এসে পৌঁছেছে ঘটনাস্থলে। এর পাশাপাশি পুলিশ, র্যাব সহ কাউন্টার টেররিজম ইউনিটের সদস্যরা আছেন।
নারী জঙ্গি মর্জিনা বেগম ও কাওসার নামের জঙ্গি গত জানুয়ারিতে বাসা ভাড়া নেয় প্রাণ কোম্পানিতে চাকুরি করে এ পরিচয়ে। তাদের পরিচয় ইতোমধ্যেই নিশ্চিত করেছেন বাড়ির মালিক উস্তার মিয়া সহ পুলিশের দায়িত্বশীলরা।
চট্টগ্রাম ও ঢাকায় সাম্প্রতিক জঙ্গিবিরোধী অভিযানের পর আটক জঙ্গিদের দেয়া তথ্যেই এ বাড়িতে অভিযানে যায় আইনশৃঙ্খলা বাহিনী।