নিজস্ব প্রতিবেদক | ২৫ মার্চ, ২০১৭
ফাইল ছবি
দক্ষিণ সুরমার শিববাড়িতে জঙ্গি আস্তানার কাছে পুলিশ চেকপোস্টে বোমা হামলার ঘটনায় এখন পর্যন্ত ২ জন নিহত এবং সাংবাদিকসহ ৩২ জন আহত হয়েছেন।
শনিবার (২৫ মার্চ) সন্ধ্যা পৌনে সাতটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের গোটাটিকর ইসলামিয়া দাখিল মাদরাসা সংলগ্ন পুলিশ চেকপোস্টে এ হামলার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুইটি মোটরসাইকেলে করে হামলাকারীরা চেকপোস্টের কাছে বোমা বিস্ফোরণ ঘটায়। এতে মোটরসাইকেল দুইটি বিস্ফোরণের কারণে দুমড়ে-মুচড়ে যায়।
নিহতের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। আহত ৩২ জনকে তাৎক্ষণিকভাবে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে আছেন দৈনিক মানচিত্র পত্রিকার ফটো সাংবাদিক আজমল।
ওসমানী হাসপাতালের চিকিৎসক সুবলজ্যোতি চাকমা জানিয়েছেন, আহত মোট ৩৩ জনকে হাসপাতালে নেয়ার পর একজনকে 'ক্লিনিক্যালি ডেড' ঘোষণা করা হয়। তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।
ওসমানী হাসপাতালের চিকিৎসক অন্তরদ্বীপ নন্দী রাত নয়টার সময় ২ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে, পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে। আহতদের ও হামলাকারীদের পরিচয় নিশ্চিত হওয়া যায় নি।
হামলার ঘটনার কয়েক মিনিট আগে চেকপোস্টের অদূরে সেনাবাহিনীর পক্ষ থেকে অপারেশন সম্পর্কে ব্রিফিং দেওয়া হচ্ছিল।
উল্লেখ্য, দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকার আতিয়া মহলে দুই দিন ধরে জঙ্গিদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে। 'অপারেশন টোয়াইলাইট' নামের এ অভিযান পরিচালনা করছে সেনাবাহিনীর প্যারাকমান্ডো।