সুনামগঞ্জ প্রতিনিধি | ২৬ মার্চ, ২০১৭
সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়িতে পৃথক দু'টি বোমা বিস্ফোরণে নিহতের মধ্যে থাকা পুলিশ কর্মকর্তা চৌধুরী মোহাম্মদ আবু কয়সার দিপুর বাড়ি সুনামগঞ্জে। তিনি শহরের জামাইপাড়া এলাকার মৃত আছদ্দর আলী চৌধুরীর ছেলে। সাত ভাই এক বোনের মধ্যে দিপু তৃতীয়।
পুলিশ কর্মকর্তা আবু কয়সার নগর পুলিশে পরিদর্শক পদে কর্মরত ছিলেন। নিহত কয়সারের মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া।
এদিকে আবু কয়সারের মৃত্যুর খবরে তাঁর পরিবারে শোকের মাতম চলছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তাঁর ছোট ভাই চৌধুরী বাবলু সিলেটের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন বলে জানা গেছে।
বাড়িতে দেখতে এসে সুনামগঞ্জ পৌরসভার মেয়র আয়ুব বখত জগলুল বলেন, শহরের পরিচিত মুখ দিপু ব্যক্তিগত জীবনে খুব বিনয়ী আর ভদ্র ছিল। তাঁর মৃত্যুর খবর শোনার পর বিশ্বাস হচ্ছে না।
শনিবার (২৫ মার্চ) সন্ধ্যা পৌনে ৭টা ও রাত ৮টায় শিববাড়ি এলাকায় বোমা দু'টি বিস্ফোরিত হয়। প্রথম বোমাটি জঙ্গিদের হামলার মাধ্যমে ঢাকা-সিলেট মহাসড়কের গোটাটিকর ইসলামিয়া দাখিল মাদরাসা সংলগ্ন পুলিশ চেকপোস্টে বিস্ফোরিত হয় এবং দ্বিতীয়টি উদ্ধারের পর নিষ্ক্রিয় করতে গিয়ে এর বিস্ফোরণ ঘটে।
নিহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। পুলিশের পরিদর্শক চৌধুরী মো. আবু কয়সার ছাড়াও আছেন কলেজছাত্র অহিদুল ইসলাম অপু ও নগরীর দাঁড়িয়াপাড়ার বাসিন্দা শহীদুল ইসলাম (৩৮)। নিহত অপরজনের বয়স আনুমানিক ৩৫ বছর।
আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আনার পর চিকিৎসাধীন অবস্থায় পরিদর্শক কয়সার মারা যান। কয়সার সিলেট আদালত পুলিশের পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন।
আহতদের মধ্যে র্যাব ৯ এর লেফটেন্যান্ট কর্নেল আবুল কালাম আজাদ ও মেজর আজাদ, সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি মনিরুল ইসলাম ও দক্ষিণ সুরমা থানার ওসি হারুনুর রশিদ রয়েছেন। এদের মধ্যে দুই র্যাব কর্মকর্তা ও ডিবির ওসি মনিরুলের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।
বিস্ফোরণে আহত আরও ১৭ জন ওসমানী মেডিকেলে চিকিৎসা নিচ্ছেন। তারা হলেন- মোস্তাক আহমেদ, নাজিমউদ্দিন, রোমেল আহমেদ, অহিদুল ইসলাম, ইসলাম আহমেদ, নুরুল আলম, বিপ্লব হোসেন, আব্দুর রহিম, সত্তারউদ্দিন, রাহিম মিয়া, হোসেন আহমেদ, মামুন আহমেদ, ফারুক মিয়া, সালাউদ্দিন শিপার, গুলজার আহমেদ, রিমন আহমেদ ও আজমল আলী।
দুই বিস্ফোরণে আহত অন্তত ৩৫ জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উল্লেখ্য, দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকার আতিয়া মহলে দুই দিন ধরে জঙ্গিদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে। 'অপারেশন টোয়াইলাইট' নামের এ অভিযান পরিচালনা করছে সেনাবাহিনীর প্যারাকমান্ডো।