নিজস্ব প্রতিবেদক | ২৬ মার্চ, ২০১৭
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার শিববাড়িতে 'আতিয়া মহল' নামক ভবনে শুক্রবার (২৪ মার্চ) ভোর থেকে শুরু হওয়া জঙ্গিবিরোধী অভিযান এখনো চলছে। গত দুইদিনে অভিযান দেখতে হাজারও জনতার উৎসুক ভিড় লেগে ছিল শিববাড়ি এলাকায়। কিন্তু শনিবার দিবাগত রাতে সেখানে নেমে এসেছে সুনসান নিরবতা।
শনিবার রাতে ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে, সেখানে আইনশৃঙ্খলা বাহিনী ব্যতিত অন্য কাউকে থাকতে দেয়া হচ্ছে না। এমনকি সাংবাদিকদেরও ঘটনাস্থল ও এর আশপাশে থাকতে নিষেধ করা হয়েছে। কেবল আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সেখান থেকে বোমার স্প্লিন্টার সংগ্রহ করতে দেখা গেছে।
এই সুনসান নিরবতার কারণ মূলত শনিবার সন্ধ্যায় বোমা বিস্ফোরণ ও হতাহতের ঘটনা। এদিন সন্ধ্যা পৌনে ৭টার দিকে প্রথম বোমা হামলা চালায় জঙ্গিরা। এর ঘন্টাখানেক পর একটি উদ্ধারকৃত বোমা নিষ্ক্রিয় করার সময় তা বিস্ফোরিত হয়। এই দুই দফা বিস্ফোরণে পুলিশের এক সদস্যসহ নিহত হন ৪ জন। আহত হন অন্তত ৩৫ জন।
এরপর থেকেই আরো সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। আর যেন কোনো প্রাণহানী না ঘটে, সেই লক্ষে কাউকে ওই জঙ্গি আস্তানার আশেপাশে থাকতে দিচ্ছেন না তারা। এছাড়া গোলাগুলি ও বোমা বিস্ফোরণের ভয়েও অনেক মানুষ সেই এলাকায় যাচ্ছেন না।
সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সেনা সদর দপ্তরের ব্রিগেডিয়ার জেনারেল ফখরুল আহসান সাংবাদিকদের জানান, জঙ্গিবিরোধী অভিযানটি চলবে। ওই ব্রিফিং শেষ হওয়ার পরপরই প্রথম বোমাটির বিস্ফোরণ ঘটানো হয়।
দুই দফা বিস্ফোরণে আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। আহতদের রক্ত দিতে সেখানে জড়ো হয়েছেন অনেক রক্তদাতা।