Sylhet Today 24 PRINT

শিববাড়িতে সবজির ব্যাগে করে বোমা এনেছিল হামলাকারী, ধারণা পুলিশের

নিজস্ব প্রতিবেদক |  ২৬ মার্চ, ২০১৭

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার শিববাড়িতে শনিবার সন্ধ্যায় বোমা হামলাকারী জঙ্গি সবজির ব্যাগে করে বোমা বহন করে বিস্ফোরণ ঘটায় বলে ধারণা করছে পুলিশ।

শনিবার (২৫ মার্চ) দিবাগত রাত ১টায় একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে দেয়া বক্তব্যে এ তথ্য জানান এসএমপি'র উপ পুলিশ কমিশনার জেদান আল মুসা।

এসময় তিনি বলেন, বোমা বিস্ফোরণস্থলের পাশে বাজারের ব্যাগ ও সবজি পড়ে থাকতে দেখে প্রাথমিকভাবে মনে হচ্ছে হামলাকারী জঙ্গি সঙ্গে থাকা বোমা গোপনে সবজির ব্যাগে করে বহন করেছিল।

শনিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের গোটাটিকর ইসলামিয়া দাখিল মাদরাসা সংলগ্ন পুলিশ চেকপোস্টে বোমা হামলা চালানো হয়। ওই হামলায় নিহত হন ৪ জন। এছাড়া আহত হন আরও অনেকে।

হামলায় নিহতরা হলেন পুলিশের পরিদর্শক চৌধুরী মো. কয়সার, মাসুক মিয়া, কলেজছাত্র অহিদুল ইসলাম অপু ও নগরীর দাঁড়িয়াপাড়ার বাসিন্দা শহীদুল ইসলাম। আর হাসপাতালে চিকিৎসাধীন আছেন মোস্তাক আহমেদ, নাজিমউদ্দিন, রোমেল আহমেদ, অহিদুল ইসলাম, ইসলাম আহমেদ, নুরুল আলম, বিপ্লব হোসেন, আব্দুর রহিম, সত্তারউদ্দিন, রাহিম মিয়া, হোসেন আহমেদ, মামুন আহমেদ, ফারুক মিয়া, সালাউদ্দিন শিপার, গুলজার আহমেদ, রিমন আহমেদ ও আজমল আলী।

এর প্রায় ঘন্টাখানেক পর উদ্ধারকৃত আরেকটি বোমা নিষ্ক্রিয় করার সময় তা বিস্ফোরিত হলে আহত হন র‍্যাব ও পুলিশের ৫ সদস্য। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতদের মধ্যে র‌্যাব ৯ এর লেফটেন্যান্ট কর্নেল আবুল কালাম আজাদ ও মেজর আজাদ, সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি মনিরুল ইসলাম ও দক্ষিণ সুরমা থানার ওসি হারুনুর রশিদ রয়েছেন। এদের মধ্যে দুই র‌্যাব কর্মকর্তা ও ডিবির ওসি মনিরুলের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।

উল্লেখ্য, দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকার 'আতিয়া মহল' নামক ভবন ঘিরে দুই দিন ধরে জঙ্গিদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে। 'অপারেশন টোয়াইলাইট' নামের এ অভিযান পরিচালনা করছে সেনাবাহিনীর প্যারাকমান্ডো।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.