Sylhet Today 24 PRINT

থেমে থেমে বিস্ফোরণ, থমথমে শিববাড়ি

নিজস্ব প্রতিবেদক |  ২৬ মার্চ, ২০১৭

দক্ষিণ সুরমার শিববাড়ির জঙ্গি আস্তানা আতিয়া মহলে এখনো থেমে থেমে বিস্ফোরণের শব্দ পাওয়া যাচ্ছে। সেনাবাহিনীর নেতৃত্বে চলা অভিযান 'টোয়াইলাইট' তিনদিন পরও চলমান। বিস্ফোরণ ও গুলির শব্দে পুরো এলাকায় বিরাজ করছে থমথমে পরিস্থিতি।

রোববার দুপুরে শক্তিশালী বিস্ফোরণের শব্দ পাওয়ার আগে সকাল থেকে একাধিক বিস্ফোরণ হয়।

ঘটনাস্থল থেকে সিলেটটুডের প্রতিবেদক জানান, আনুমানিক পৌনে ১২টার দিকে বিকট শব্দে একটি বিস্ফোরণ হয়। এর আগে সকালেও আরও দুটি বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। ঘটনাস্থল থেকে বেশ খানিকটা দূরে সাংবাদিকরা অবস্থান করায় বিস্তারিত কিছু এখনো জানা যায় নি।

কদমতলী থেকে শিববাড়ি পর্যন্ত পুরো এলাকা সেনাবাহিনী নিয়ন্ত্রণ নিয়ে তল্লাশি চালাচ্ছে। এই এলাকায় ১৪৪ জারি থাকায় লোকজনের চলাচল কম।

সেনাবাহিনীর প্যারা কমান্ডো ইউনিট শুক্রবার সন্ধ্যা থেকেই এই অভিযানে অংশ নিয়েছে। শনিবার সকালে অপারেশনের নাম দেয়া হয় 'টোয়াইলাইট'।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.