নিজস্ব প্রতিবেদক | ০৪ মে, ২০১৫
সিলেট নগরীর মদিনা মার্কেটে দুর্বৃত্তরা কুপিয়ে এক যুবককে আহত হয়েছেন। রোববার বিকেল সাড়ে ৪ টায় মদিনা মার্কেটে মুন্না নামের এক যুবককে কুপিয়ে আহত করে। তাকে ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত মুন্না নিজেকে ছাত্রলীগের কাশ্মীর গ্রুপের কর্মী দাবি করে, তাকে ছাত্র শিবিরের সন্ত্রাসীরা কুপিয়েছে বলে দাবি করেছেন। তবে জালালাবাদ থানা পুলিশ জানিয়েছে, ছিনতাইয়ের ভাগবাটোয়ারা নিয়ে বিবাদ থেকে এ হামলার ঘটনা ঘটে।
আহত মুন্না মদিনা মার্কেটের ৫৪ নং বাসার বাসিন্দা হেলাল আহমদের পুত্র। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মুন্না জানান, রোববার বিকেলে তিনি বাসা থেকে ভাত খেয়ে বেড়োনোর পরপরই সন্ত্রাসীরা ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। নিজেকে ছাত্রলীগের কাশ্মীর গ্রুপের কর্মী দাবি করে মুন্না বলেন, শিবিেরর সন্ত্রাসীরাই হামলা চালিয়েছে।
তবে জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আখতার হোসেন বলেন, এটি রাজনৈতিক কোনো ঘটনা নয়। আমি খোঁজ নিয়ে দেখেছি। মুন্না কোনো রাজনৈতিক কর্মী নয়।
তিনি বলেন, ছিনতাইয়ের ভাগবাটোয়ারা নিয়ে বিবাদ থেকে এই হামলার ঘটনা ঘটতে পারে। মুন্নার বিরুদ্ধেও ছিনতাইয়ের অভিযোগ রয়েছে।