Sylhet Today 24 PRINT

আতিয়া মহলের ভেতর শক্তিশালী বিস্ফোরক, সময় নিচ্ছে সেনাবাহিনী

নিজস্ব প্রতিবেদক |  ২৭ মার্চ, ২০১৭

সিলেটের শিববাড়িতে আতিয়া মহলের ভেতর থাকা ৪ জঙ্গির সবাই নিহত হয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনী। তবে ভবনের ভেতরে জঙ্গিদের শক্তিশালী বিস্ফোরক রয়েছে এবং সে কারণে সেনাবাহিনীর প্যারা কমান্ডো অভিযান শেষ করতে আরও সময় নিচ্ছে বলে জানিয়েছে সেনাবাহিনী।

সোমবার (২৭ মার্চ) সন্ধ্যা সাড়ে সাতটায় পাঠানপাড়া মসজিদ প্রাঙ্গণে এক ব্রিফিং-এ সামরিক গোয়েন্দা পরিদপ্তর এর প্রধান ব্রিগেডিয়ার জেনারেল ফখরুল আহসান এসব কথা জানান।

জঙ্গিদের কাছে থাকা বিস্ফোরকের শক্তিমত্তার উদাহরণ দিয়ে ফখরুল আহসান বলেন, "প্রথম দিনের ঘটনা। বাড়িটির কলাপসিবল গেটের সামনে একটি বড় বালতির মধ্যে বিস্ফোরক ছিল। ওটা যখন ডেটোনেট করেছে, তখন পুরো কলাপসিবল গেটটা উড়ে এসে পাশের বিল্ডিংয়ে পড়েছে। ওখানে আমাদের তিন চারজন সদস্য ছিলেন, তারা ছিটকে গেছেন। পুরো বিল্ডিং কেঁপে উঠেছে। এরকম এক্সপ্লোসিভ ভেতরে আরও থাকতে পারে।"

তিনি আরও বলেন, "তারা (জঙ্গিরা) এক্সপ্লোসিভ ফাটিয়েছে, গ্রেনেড চার্জ করেছে, স্মল আর্মস ব্যবহার করেছে। তাদের যা ছিল, সব ব্যবহার করেছে।"

নিহত ৪ জঙ্গির মধ্যে দুইজনের লাশ পুলিশের কাছে হস্তান্তর প্রসঙ্গে তিনি বলেন, "দুই জঙ্গির লাশ ইতিমধ্যে বের করে আনা হয়েছে, পুলিশের কাছে আমরা সেগুলো হ্যান্ডওভার করেছি। বাকি দুজনের সুইসাইড ভেস্ট পরা। সেজন্য ওগুলো এখনো এভাবেই পড়ে আছে।"

টানা চারদিনের অভিযানের পর সোমবার আতিয়া মহলের দখল নিয়েছে সেনাবাহিনী। তবে উদ্ধার অভিযান শেষ না হওয়ায় অভিযান এখনই সমাপ্ত ঘোষণা করা হচ্ছে না।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.