বিয়ানীবাজার প্রতিনিধি | ২৮ মার্চ, ২০১৭
৬৫ লিটার দেশীয় চোলাই মদসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিয়ানীবাজার থানা পুলিশ।
সোমবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে পৌরশহরের নিদনপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের বহনকারী সিএনজি অটোরিক্সা জব্দ করা হলেও পালিয়ে যায় চালক।
পুলিশ জানায়, সোমবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে বিয়ানীবাজার থানার একদল পুলিশ পৌরশহরের নিদনপুর এলাকায় বড়লেখা থেকে বিয়ানীবাজারে আগত (মৌলভীবাজার থ- ১১-৬৩৩৪) নম্বরের সিএনজি অটোরিক্সার গতিরোধ করে। এসময় চালক পালিয়ে গেলেও পুলিশ দুই মাদক ব্যবসায়ীকে আটক করে।
আটককৃতরা হলো, বড়লেখা উপজেলার উত্তর পকুয়া গ্রামের মুক্তার আলীর পুত্র নজরুল ইসলাম (১৮) ও একই উপজেলার দৌলতপুর গ্রামের জিন্নাতুল হকের পুত্র আয়নুল ইসলাম। এসময় তাদের কাছ থেকে ৬৫ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে বিয়ানীবাজার থানায় মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।
এ ব্যাপারে বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ চন্দন কুমার চক্রবর্তী বলেন, বিয়ানীবাজারকে মাদকমুক্ত না করা পর্যন্ত মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।