Sylhet Today 24 PRINT

পরিচয় জানতে নিহত ২ জঙ্গির ডিএনএ সংগ্রহ

নিজস্ব প্রতিবেদক |  ২৮ মার্চ, ২০১৭

সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকার আতিয়া মহলের নিচতলার জঙ্গি আস্তানায় সেনাবাহিনীর প্যারা কমান্ডো দলের অভিযানে নিহত দুই মরদেহের পরিচয় নিশ্চিত হতে ডিএনএ-এর নমুনা সংগ্রহ করা হয়েছে। পাশাপাশি তাদের সুরতহাল রিপোর্টও তৈরী করেছে মোগলাবাজার থানা পুলিশ।

মঙ্গলবার (২৮ মার্চ) সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) জেদান আল মুসা বিষয়টি নিশ্চিত করেছেন।

উদ্ধার করা দুটো লাশের মধ্যে একজন নারী ও একজন পুরুষ। তাদের মধ্যে একজন মর্জিনা ও অপরজন মর্জিনার স্বামী কাওসার বলে ধারণা করছে পুলিশ। পুলিশ জানায়, অভিযানে নিহত অপর দুই জঙ্গির লাশ মর্গে আনার প্রস্তুতি চলছে। ডিএনএ টেষ্টের জন্য তাদেরও নমূনা সংগ্রহ করে রাখা হবে।

গতকাল সোমবার সন্ধ্যায় সেনাবাহিনীর এক প্রেস ব্রিফিংয়ে মরদেহগুলো পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানানো হয়। আতিয়া মহলে আরও দুজন জঙ্গির মরদেহ পড়ে রয়েছে জানিয়ে সামরিক গোয়েন্দা পরিদপ্তর এর প্রধান ব্রিগেডিয়ার জেনারেল ফখরুল আহসান বলেছিলেন, নিহত ওই দুই জঙ্গি সুইসাইড ভেস্ট পরে থাকায় সেই লাশগুলো তখনো উদ্ধার করা হয়নি।

গত শুক্রবার থেকে জঙ্গি আস্তানা সন্দেহে আতিয়া মহল ঘিরে রাখে আইনশৃঙ্খলা বাহিনী। পরদিন অভিযানে যোগ দেয় সেনাবাহিনীর প্যারা কমান্ডো। এদিন সন্ধ্যায় ঘটনাস্থলের কাছে পৃথক দুই বিস্ফোরণে নিহত দুই পুলিশ সদস্যসহ মোট ৬ জন, আহত হন প্রায় অর্ধশত। টানা চারদিন অভিযানের পর সোমবার আতিয়া মহলের ভেতরে থাকা ৪ জঙ্গির সবাই নিহত হয়েছে বলে জানায় সেনাবাহিনী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.