Sylhet Today 24 PRINT

মাধবপুরে নারী খুনের ঘটনায় মামলা

মাধবপুর প্রতিনিধি |  ২৮ মার্চ, ২০১৭

হবিগঞ্জের মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের কৃষ্ণপুরে শাহানা খাতুন (৩৫) নামে এক নারীকে জবাই করে হত্যা করার ঘটনায় মামলা হয়েছে।

সোমবার (২৭ মার্চ) রাতে নিহতের বড় বোন নাছিমা বেগম বাদি হয়ে মাধবপুর থানায় অজ্ঞাতদের আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। মাধবপুর থানার পরিদর্শক (তদন্ত) সাজেদুল ইসলাম পলাশ সত্যতা নিশ্চিত করেছেন।

মামলায় বাদি অভিযোগ করেন, ২৪ মার্চ রাত ১১টার পর থেকে শাহানাকে খোঁজে পাওয়া যাচ্ছিল না। নিখোঁজের ৩ দিন পর ২৭ মার্চ সকালে কৃষ্ণপুর কবরস্থানে মাটি চাপা অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। নিহত শাহানা উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের জালুয়াবাদ গ্রামের ইদন মিয়ার মেয়ে ও কৃষ্ণপুর গ্রামের ফরিদ মিয়ার স্ত্রী। সোমবার সকালে স্থানীয় লোকজন শাহানার বাড়ির পাশে কৃষ্ণপুর কবরস্থানে মরদেহের একটি হাত বের থাকতে দেখে। পরে পুলিশকে খবর দিলে মনতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই কামরুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে মাটি খুড়ে লাশ উদ্ধার করে। পরে গ্রামবাসী এ লাশটি শাহানার বলে সনাক্ত করে।

মাধবপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার এসএম রাজু আহমেদ মঙ্গলবার সকালে ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের জানান, কি কারণে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে কারা এ ঘটনা ঘটিয়েছে এ রহস্য উন্মোচন এবং জড়িতদের গ্রেপ্তার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.