Sylhet Today 24 PRINT

সন্ধ্যায় সেনাবাহিনীর ব্রিফিং, আজ শেষ হতে পারে অভিযান

নিজস্ব প্রতিবেদক |  ২৮ মার্চ, ২০১৭

ছবিঃ আইএসপিআর

সিলেটের দক্ষিণ সুরমার আতিয়া মহলে সেনাবাহিনীর প্যারা কমান্ডোর অভিযানের পঞ্চম দিনে আজ মঙ্গলবার (২৮ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টায় প্রেস ব্রিফিং করবে সেনাবাহিনী। ব্রিফিংয়ে আতিয়া মহলে সেনা অভিযান সমাপ্তের ঘোষণা দেয়া হতে পারে।

সিলেটের জালালাবাদ ক্যান্টনমেন্টে এই প্রেস ব্রিফিং অনুষ্ঠিত বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

মঙ্গলবার সকাল থেকে আতিয়া মহলে সেনাবাহিনীর প্যারা কমান্ডোরা বিস্ফোরক সনাক্ত ও নিষ্ক্রীয়করণের কাজ করছেন। এতে তারা ব্যবহার করছেন শাবিপ্রবির শিক্ষার্থীদের তৈরি ড্রোন। ঘটনাস্থলে রয়েছেন পুলিশ, র‍্যাব ও ফায়ার ব্রিগেডের কর্মীরা। এর মাঝেই ভবনটিতে দুপুর ১টায় পরপর চারটি বিস্ফোরণ ঘটেছে। এরপর বিকেলে আবারও বিফোরণের শব্দ শোনা যায়। মঙ্গলবার দুপুর থেকে বিকেল পর্যন্ত মোট ৪টি বিস্ফোরণ ঘটেছে, যা ছিল বোম্ব ডিসেপোজাল ইউনিটের বিস্ফোরক নিষ্ক্রীয়করণ কাজের অংশ।

নিহত ৪ জঙ্গির মধ্যে দুইজনের লাশ গতকাল সোমবার পুলিশের কাছে হস্তান্তর করেছে সেনাবাহিনী। তবে অপর দুই জঙ্গির মরদেহে সুইসাইডাল ভেস্ট থাকায় সেই লাশগুলো উদ্ধার ও হস্তান্তর করা হয়নি। আজ ওই দুই মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হতে পারে বলে জানা গেছে।

গত শুক্রবার থেকে জঙ্গি আস্তানা সন্দেহে আতিয়া মহল ঘিরে রাখে আইনশৃঙ্খলা বাহিনী। পরদিন অভিযানে যোগ দেয় সেনাবাহিনীর প্যারা কমান্ডো। এদিন সন্ধ্যায় ঘটনাস্থলের কাছে পৃথক দুই বিস্ফোরণে নিহত দুই পুলিশ সদস্যসহ মোট ৬ জন, আহত হন প্রায় অর্ধশত। টানা চারদিন অভিযানের পর সোমবার আতিয়া মহলের ভেতরে থাকা ৪ জঙ্গির সবাই নিহত হয়েছে বলে জানায় সেনাবাহিনী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.