Sylhet Today 24 PRINT

বাল্লা সীমান্তে বাঁধ সংস্কারে বাংলাদেশ-ভারত সমঝোতা চুক্তি সই

বাংলাদেশ খোয়াই নদীর ১১৮ মিটার প্রতিরক্ষা বাঁধ সংস্কার কাজ শুরু করতে পারবে। পাশাপাশি ভারত তাদের সীমান্তে ৫০ মিটার বাঁধ সংস্কার করবে।

হবিগঞ্জ প্রতিনিধি |  ০৪ মে, ২০১৫


দীর্ঘ ৪ বছর হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বাল্লা সীমান্তে খোয়াই নদীর বাঁধ সংস্কারে সমঝোতায় পৌঁছেছে বাংলাদেশ ও ভারত। সোমবার দুপুরে সীমান্ত এলাকার পানি উন্নয়ন বোর্ড রেস্টহাউজে উভয় দেশের যৌথ পরিদর্শন শেষে সমঝোতা স্বাক্ষর হয়। সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন বাংলাদেশ পানি উন্নয় বোর্ডের সিলেট অঞ্চলের প্রধান প্রকৌশলী উবায়দুর রহমান ও ভারতের ত্রিপুরা পানি সম্পদ বিভাগের প্রধান প্রকৌশলী তরুন লোড।

সিদ্ধান্ত অনুযায়ী, বাংলাদেশ খোয়াই নদীর ১১৮ মিটার প্রতিরক্ষা বাঁধ সংস্কার কাজ শুরু করতে পারবে। পাশাপাশি ভারত তাদের সীমান্তে ৫০ মিটার বাঁধ সংস্কার করবে। তবে নদীর পানিপূর্ণ অংশে কোন কাজ করা যাবে না। এছাড়া বাংলাদেশ অংশের আরো ৩শ’ মিটার ও ভারতের ২শ’ মিটার বাধ সংস্কারের বিষয়টি পরবর্তীতে সিদ্ধান্ত হবে।

পরিদর্শনকালে বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন বিজিবি ৪৬ ব্যাটেলিয়ান কমান্ডার লেঃ কর্ণেল নাসির, বিজিবি ৫৫ ব্যাটেলিয়ান কমান্ডার লেঃ কর্ণেল সাজ্জাদ, পানি উন্নয়ন বোর্ড হবিগঞ্জের নির্বাহী প্রকৌশলী সৈয়দ সাহিদুল আলম এবং ভারতের পক্ষে উপস্থিত ছিলেন ১০ বিএসএফ অধিনায়ক এ কে বিদ্যার্থী।

হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সৈয়দ সাহিদুল আলম জানান, ৪ বছর আগে ৪০ লাখ টাকা ব্যয়ে খোয়াই নদীর ১১৮ মিটার বাঁধ সংস্কারের কাজ শুরু হলেও ভারতের আপত্তির মুখে তা সম্পন্ন হয়নি। এখন সমঝোতা হওয়ায় জুনের মধ্যে কাজ শেষ হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

প্রসঙ্গত, গত ৩ ফেব্রুয়ারি ভারতের আগরতলায় ত্রিপুরা রাজ্য সরকারের অতিথিশালায় হবিগঞ্জসহ বাংলাদেশের ৪ জেলা প্রশাসনের কর্মর্তাদের সাথে ভারতের ৬ জেলা প্রশাসনের কর্তাদের বৈঠকে খোয়াই নদীর প্রতিরক্ষা বাঁধ সংস্কার নিয়ে আলোচনা হয়। এ প্রেক্ষিতে গত ২৮ ফেব্রুয়ারি উভয় দেশের প্রতিনিধি সীমান্ত এলাকা পরিদর্শন করেন। এরই ধারাবাহিকতায় সোমবার এ সমঝোতা স্বাক্ষর হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.