Sylhet Today 24 PRINT

লাশ শনাক্ত করতে আজ সিলেট আসছে জঙ্গি মর্জিনার পরিবার

নিজস্ব প্রতিবেদক |  ২৯ মার্চ, ২০১৭

লাশ শনাক্ত করে আজ (বুধবার) সিলেট আসছে জঙ্গি মর্জিনার পরিবার। আজ সকালে তারা সিলেট এসে পৌছবে বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার জেদান আল মুসা।

সকালেই তাদের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের হিমাগারে নিয়ে যাওয়া হবে। সেখানেই রাখা হয়েছে শিববাড়ির আতিয়া মহলে অভিযানে নিহত এক নারী ও এক পুরুষ জঙ্গির লাশ। বাকী দুটি লাশ এখনো পড়ে আছে এই ভবনটিতে।

গত বৃহস্পতিবার রাতে সিলেটের শিববাড়ির আতিয়া মহল ঘিরে রাখার পর থেকেই পুলিশ ধারণা করছিলো, এই ভবনে মর্জিনা নামে এক নারী জঙ্গি রয়েছে।

ওই ভবনে অপারেশন পরিচালনাকারী সেনাবাহিনী সোমবার এক নারী ও এক পুরুষ জঙ্গির লাশ পুলিশের কাছে হস্তান্তর করে। তখন পুলিশের পক্ষে থেকে বলা হয়, ওই নারী জঙ্গিই মর্জিনা হতে পারেন।

চট্টগ্রামের সীতাকুণ্ডে পুলিশের হাতে নিহত জঙ্গি জুবাইরা ইয়াসমিনের বোন মনজিয়ারা পারভিন ওরফে মনজিয়ারা বেগমই মর্জিনা নামে পরিচিত। আতিয়া মহলে নিহত নারীই মর্জিনা কি না আজ তা নিশ্চিত করবে তার পরিবার। বান্দরবানের নাইক্ষ্যংছড়ির বাইশারী ইউনিয়ন থেকে মনজিয়ারার পরিবার মঙ্গলবারই (২৮ মার্চ) সিলেট রওনা করেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, নিহত নারীই বান্দরবানের মনজিয়ারা পারভিন কিনা এটা নিশ্চিত হতে মঙ্গলবার সকালে সিলেট পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে বান্দরবান জেলা পুলিশকে বার্তা পাঠানো হয়। আর এ বার্তা পেয়ে বান্দরবান জেলা পুলিশ মনজিয়ারা পারভিনের পরিবারের দুই সদস্যকে সিলেট পুলিশের কাছে পাঠানোর উদ্যোগ নেয়। সীতাকুণ্ডে এই পরিবারের আরেক সদস্য জহিরুল হক (জসিম) কেও জঙ্গি আস্তানা থেকে গ্রেপ্তার করা হয়।

জঙ্গি জুবাইরা ইয়াসমিন ও মনজিয়ারা পারভিনের বাবা নুরুল ইসলাম ও বড় ভাই জিয়াবুল হক দুপুর ২টার দিকে সিলেটের উদ্দেশ্যে বান্দরবান ত্যাগ করেন।

সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শহিদুল ইসলাম চৌধুরী জানান, ‘মনজিয়ারা পারভিন মর্জিনা কিনা সেই ব্যাপারে খোঁজ খবর নেওয়া হচ্ছে।’

জাতীয় পরিচয়পত্রের সূত্রে জানা যায়, মনজিয়ারা বেগমের জন্ম ১৯৯৩ সালের ৩ এপ্রিল। তার বাবার নাম নুরুল আমিন, মায়ের নাম সাবেকুর নাহার। তিনি দ্বিতীয় শ্রেণি পর্যন্ত পড়ালেখা করেন। বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ২৭৮ নং বাইশারী মৌজার অংশ ৮নং ওয়ার্ডের বাসিন্দা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.