Sylhet Today 24 PRINT

মৌলভীবাজারে ‘জঙ্গি আস্তানা’ সন্দেহে দুই বাড়ি ঘিরে রেখেছে পুলিশ

নিজস্ব প্রতিবেদক |  ২৯ মার্চ, ২০১৭

মৌলভীবাজারের পৃথক দুটি স্থানে দুটি বাড়ি ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ওই দুটি বাড়ি ‘জঙ্গি আস্তানা' বলেই সন্দেহ করছে আইনশৃঙ্খলা বাহিনী। সিলেটের শিববাড়ীর আতিয়া মহলের জঙ্গি আস্তানায় অভিযানের রেশ কাটতে না কাটতেই এই অভিযানে নেমেছে আইনশৃঙ্খলা বাহিনী।

পুলিশ সুপার মোহাম্মদ শাহ জালাল সকালে এই তথ্যের সত্যতা নিশ্চিত করেন।

দুটি বাড়ির মধ্যে একটির অবস্থান মৌলভীবাজার পৌরসভার বড়হাট এলাকায়। অপর বাড়িটি সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের সরকার বাজার নাসিরপুর এলাকায়। দুটি বাড়ীর মধ্যে দূরত্ব প্রায় ২০ কিলোমিটার।

পুলিশের সঙ্গে কথা বলে জানতে পারা যায়, যে বাড়ি দুটিতে পুলিশ অভিযান চালাচ্ছে সেই বাড়ি দুটির মালিক সাইফুর রহমান। দুই বাড়ীর মালিকই লন্ডন প্রবাসী। তাই এই সাইফুর রহমান দুইজন একই ব্যক্তি কিনা তা নিয়ে সৃষ্টি হয়েছে ধুম্রজাল।

মৌলভীবাজার প্রতিনিধি সেখান থেকে জানান, খলিলপুর ইউনিয়নের সরকার বাজারের ফতেপুর এলাকার বাড়িতে থেমে থেমে গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে।

তিনি আরো জানান, নিরাপত্তার জন্য সাংবাদিকসহ কাউকে বাড়িটির আশপাশের এলাকায় যেতে দেয়া হচ্ছে না।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.