মৌলভীবাজার প্রতিনিধি | ২৯ মার্চ, ২০১৭
জঙ্গি আস্তানা সন্দেহে মৌলভীবাজারে আইনশৃঙ্খলা বাহিনীর ঘিরে রাখা বাড়ি দুটিতে বিপুল পরিমাণ অস্ত্র-বিস্ফোরক রয়েছে বলে ধারণা করছে পুলিশ।
বুধবার (২৯ মার্চ) মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন এ কথা জানিয়েছেন।
তিনি জানান, জঙ্গি আস্তানা সন্দেহে পৌরসভার বড়হাট এলাকায় একটি বাড়ি এবং খলিলপুর ইউনিয়নের সরকার বাজার এলাকার নাসিরপুর গ্রামে আরও একটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশ। দুটি আস্তানাতেই বিপুল পরিমাণ অস্ত্র-বিস্ফোরক আছে বলে ধারণা করা হচ্ছে।
তিনি আরও জানান, জঙ্গিদের প্রতিহত করতে এরই মধ্যে সব প্রয়োজনীয় কৌশল নেওয়া হয়েছে। ওই এলাকায় সাংবাদিকসহ সাধারণ মানুষকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।
মঙ্গলবার (২৮ মার্চ) গভীর রাত থেকে মৌলভীবাজার শহরের বড়হাট ও সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের সরকার বাজারের কাছে নাসিরপুর গ্রামের ওই দু’টি জঙ্গি আস্তানা ঘেরাও করে রেখেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি) ও পুলিশ সদস্যরা। বড়হাটের আস্তানাটি একটি ডুপ্লেক্স বাড়িতে, আর নাসিরপুরের আস্তানাটি একটি একতলা বাড়িতে।
বুধবার (২৯ মার্চ) সকাল ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যেও দু’টি জঙ্গি আস্তানায় বিস্ফোরণ ও গুলির শব্দ শোনা যায়। সাড়ে ১০টার দিকে বড়হাটের আস্তানার ভেতরে বিকট শব্দে তিনটি গ্রেনেড বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা।
জানা গেছে, দু’টি বাড়ি মালিকই এক লন্ডনপ্রবাসী। তার নাম সাইফুল ইসলাম। তিনি সপরিবারে লন্ডনে থাকেন। সাইফুলের বাড়ি দু’টি দেখভাল করেন আতিক নামে তার এক আত্মীয়।