Sylhet Today 24 PRINT

নাসিরপুরে জঙ্গি আস্তানায় অভিযান : ৭ জনের লাশ মর্গে

তপন কুমার দাস, মৌলভীবাজার থেকে |  ৩০ মার্চ, ২০১৭

মৌলভীবাজারের সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের নাসিরপুরে জঙ্গি আস্তানা থেকে সাতটি মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে একজন পুরুষ, দুইজন নারী ও চারজন শিশুর লাশ রয়েছে বলে জানা গেছে।

লাশগুলো জেলার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। লাশের সুরতহাল হয়নি এখনও। পুলিশ সুত্রে জানা গেছে, লাশগুলো ছিন্নভিন্ন অবস্থায় উদ্ধার করা হয়। এরপর রাত ৯টার দিকে সেগুলো হাসপাতালে নেয়া হয়।

এ ব্যাপারে বৃহস্পতিবার (৩০ মার্চ) রাত সোয়া ১১টার দিকে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার পলাশ রায় লাশ মর্গে পৌঁছার সত্যতা নিশ্চিত করে সিলেটটুডেকে জানান, "লাশের এখনও সুরতহাল হয়নি। লাশ যেভাবে আনা হয়েছে, সেভাবেই রয়েছে। তাই বলা যাচ্ছে না লাশ কয়টি। তবে শুনেছি ৭টি লাশ রয়েছে।"

এর আগে বৃহস্পতিবার বিকেলে সংবাদ সম্মেলন করে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম জানান, আত্মঘাতি বিস্ফোরণে ৭ থেকে ৮ জন জঙ্গি নিহত হয়েছে।

তিনি বলেন, জঙ্গিরা আইইডি ছড়িয়ে-ছিটিয়ে রেখেছিল। আমরা ড্রোনের সাহায্যে ছবি তুলে সেগুলো নিষ্ক্রিয় করেছি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.