Sylhet Today 24 PRINT

ওসমানী হাসপাতালের সামনে ছাত্রদলকর্মীকে কুপিয়ে হত্যা, অস্ত্রসহ আটক ৩

নিজস্ব প্রতিবেদক |  ৩১ মার্চ, ২০১৭

সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে হাসান আহমেদ ওরফে ডন হাসান (২৭) নামের এক ছাত্রদল কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় অস্ত্রসহ তিন জনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার রাত পৌনে ৯ টার দিকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল জরুরি বিভাগের ফটকের সামনে এ ঘটনা ঘটে বলে কোতোয়ালি থানার ওসি সোহেল আহমদ জানান।

নিহত হাসান নগরীর মুন্সীপাড়ার মানিক মিয়ার ছেলে।

স্থানীয়রা জানিয়েছেন, শাওন নামের এক স্কুল ছাত্র হত্যা মামলার চার্জশীটভূক্ত আসামী ছিলেন নিহত হাসান। কিছুদিন আগে এই মামলার কয়েকজন সাক্ষীকে পিটিয়ে আহতও করেন হাসান।

ওসি সোহেল বলেন, “ছাত্রদলকর্মী ডনকে রাতে অজ্ঞাত পরিচয় চার-পাঁচ জন ধাওয়া দিয়ে মেডিকেলের জরুরি বিভাগের ফটকের সামনে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে। স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।”

এ ঘটনায় জড়িত সন্দেহে রাব্বী, সাজু ও সাথী নামে তিনজনকে রিভলবার ও দেশি অস্ত্রসহ আটক করা হয়েছে বলে জানান তিনি।

ওসি আরও জানান, কয়েক মাস আগে রিকাবীবাজারের আবু সিনা ছাত্রাবাসের সামনে একটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ডন হাসান ওই মামলার আসামি।

“কিছুদিন আগে এই মামলার কয়েকজন সাক্ষীকে জখম করেছিলেন ডন হাসান। তারাই তাকে কুপিয়ে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছি আমরা।”

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.