Sylhet Today 24 PRINT

নবীগঞ্জে ডাকাতের হামলায় যুবক নিহত, আহত বাবা ও দুই ভাই

নবীগঞ্জ প্রতিনিধি  |  ০১ এপ্রিল, ২০১৭

হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলায় বাড়িতে ঢুকে ডাকাতদের হামলায় ১ যুবক নিহত হয়েছেন। হামলায় আহত হয়েছেন একই পরিবারের ৩ জন।

শুক্রবার (৩১ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার আউশকান্দিতে এ হামলার ঘটনা ঘটে।

নিহতের নাম জামিল আহমদ (২৫)। তিনি আউশকান্দি ইউনিয়নের মংলাপুর গ্রামের মাওলানা মোস্তফা আহমদের পুত্র।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, ৭/৮ জনের একটি মুখোশধারী দল বাড়ির কলাপসিবল গেটের তালা ও ঘরের দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে। এ সময় নিহত জামিলের বাবা মাওলানা মোস্তফা আহমদের শয়ন কক্ষে প্রবেশ করে তাকে এলোপাতাড়ি মারধর শুরু করলে পাসের কক্ষে ঘুমিয়ে থাকা তার ছেলে জামিল আহমদ (২৫), মওদুদ আহমদ (২২) ও মাসুদ আহমদ (১৬) জেগে উঠেন। বাবাকে উদ্ধারে এগিয়ে আসা ৩ ভাইয়ের ওপর হামলা চালায় ডাকাতরা। হামলায় গুরুতর আহত হন জামিল আহমদ।

প্রতিবেশীরা আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জামিল আহমদকে মৃত ঘোষনা করেন। আহত বাবা ও অন্য দুই ছেলে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

ঘটনার খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং লাশ উদ্বার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।

এ ঘটনায় নিহতের মা আছিয়া বেগম বাদী হয়ে অজ্ঞাতনামা ৭/৮ জনকে আসামি করে নবীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

নবীগঞ্জ থানার অফিসার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আতাউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

 

 

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.