Sylhet Today 24 PRINT

নাসিরপুরে জঙ্গি আস্তানায় নিহত ৭ জন দিনাজপুরের একই পরিবারের!

সিলেটটুডে ডেস্ক |  ০২ এপ্রিল, ২০১৭

মৌলভীবাজারের নাসিরপুরের জঙ্গি আস্তানায় নিহত ৭ জন নিজের মেয়ে, মেয়ে জামাই ও নাতি-নাতনি হতে পারেন বলে জানিয়েছেন দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার কলাবাড়ি গ্রামের আবু বকর সিদ্দিক নামের এক ব্যক্তি।

আবু বকরের ধারণা, নাসিরপুরে নিহতরা তাঁর মেয়ে জামাই উপজেলার ডাঙ্গা গ্রামের লোকমান আলী,  মেয়ে মোছা. সিরিনা আক্তার ও তাদের ৫ সন্তান হতে পারে।
 
গত ৩০ মার্চ মৌলভীবাজার সদর উপজেলার নাসিরপুর গ্রামে জঙ্গি আস্তানায় পুলিশের অভিযান শেষে আত্মহননকারী সাতজনের লাশ উদ্ধার করা হয়।
 
আবু বকর সিদ্দিক বলেন, ‘২৯ মার্চ রাত ১টার দিকে একটি অচেনা নম্বর থেকে ফোন আসে। কল রিসিভ করার পর আমার বড় নাতনি মোছা. আমেনা খাতুনের কণ্ঠ ভেসে আসে, যাকে লোকমান আলী ২ মাস আগে বগুড়ায় বিয়ে দিয়েছেন। ফোনে তার নাতনি দু-একটি কথা বলার পর তার মা মোছা. সিরিনা আক্তারের হাতে দেয়। সিরিনা আক্তার আমার সঙ্গে প্রায় ৩০ মিনিট কথা বলে। সিরিনা আক্তার জানিয়ে দেয়- আপনারা আমাদের ক্ষমা করবেন। আমাদের সঙ্গে আর কোনোদিন দেখা হবে না।

তখন আমি বলি, কয়েকদিন আগেই তোমার নামে আমি ১ বিঘা জমি দিয়েছি। তুমি কোথায় আছো, একটু ঠিকানা বল- আমি সেখান থেকেই নিয়ে আসবো। মেয়ে জানিয়েছিল আমাদের যাওয়ার কোন উপায় নেই। এ সময় আমি বুঝতে পেরেছিলাম পাশেই জামাই লোকমান আলী আছে। পরে বিভিন্ন মিডিয়ার সংবাদে বুঝতে পারি আত্মহননকারী ৭ জনই আমার মেয়ে-জামাই ও নাতনিরা।’
 
এ ব্যাপারে ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ মো. ইসরাফিল হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কিছু জানেন না বলে জানিয়েছেন।
 
আবু বকর সিদ্দিকের ধারণা আত্মহনন কারীরা হলো, লোকমান হোসেন (৪৫), তার স্ত্রী মোছা. সিরিনা আক্তার (৩০), বড় মেয়ে আমেনা খাতুন (২১),  সুমাইয়া (১২), মরিয়ম (১০), ফাতেমা (৭), খাতিজা (৭ মাস)।

সূত্র : ইত্তেফাক

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.