Sylhet Today 24 PRINT

শিববাড়িতে র‍্যাবের বোমা নিষ্ক্রিয়কারী দল

নিজস্ব প্রতিবেদক |  ০৩ এপ্রিল, ২০১৭

সিলেটের শিববাড়ির জঙ্গি আস্তানা আতিয়া মহলে বোমা নিষ্ক্রিয় করার কাজ শুরু করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) বোমা নিষ্ক্রিয়কারী দল। তাঁদের সঙ্গে আছেন ফায়ার সার্ভিসের কর্মীসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। 

সোমবার (৩ এপ্রিল) সকালে দুটি ঘটনাস্থলে পৌঁছায়। বিকেল সাড়ে ৫টায় সিলেটের ইসলামপুরে র‍্যাব-৯ এর কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত জানাবে র‍্যাব।

মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ফজল জানান, এখনো আতিয়া মহলের ভেতর নিহত দুই জঙ্গির লাশ পড়ে আছে। বোমা বিশেষজ্ঞ দল ভবনটির ভেতরে প্রবেশ করে জঙ্গিদের আশপাশ নিরাপদ ঘোষণা করার পর সেখান থেকে লাশ উদ্ধার করা হবে।

দুপুর সোয়া ১টা থেকে র‍্যাবের বোমা বিশেষজ্ঞ দল বোমা নিষ্ক্রিয়করণের কাজ শুরু করেছে বলে সিলেটটুডেকে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের উপ পুলিশ কমিশনার জেদান আল মুসা। 

গত ২৪ মার্চ আতিয়া মহলের একটি ফ্ল্যাটে জঙ্গি অবস্থান নিশ্চিত হয়ে তা ঘিরে রাখে পুলিশ। পরে প্রথমে সেখানে সোয়াট ও পরে সেনাবাহিনী অভিযান পরিচালনা করে। টানা চার দিন 'অপারেশন টোয়াইলাইট' নামক অভিযান শেষে গত মঙ্গলবার (২৮ মার্চ) এ ভবনের ভেতরে চার জঙ্গির লাশ পাওয়া যায়। সেদিনই অভিযান সমাপ্ত ঘোষণা করে সেনাবাহিনী। তবে আতিয়া মহলের ভেতরে আরো বোমা থাকার আশঙ্কার কথা জানায় তারা। এর পরদিন থেকে বোমা নিষ্ক্রিয়কারী দল কাজ করার কথা থাকলেও বেশ বিলম্বে আজ সকালে র‌্যাবের বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে পৌঁছায়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.