Sylhet Today 24 PRINT

রাগীব আলীর বিরুদ্ধে এবার অর্থ আত্মসাতের মামলা

নিজস্ব প্রতিবেদক |  ০৪ এপ্রিল, ২০১৭

রাগীব আলীর বিরুদ্ধে প্রায় দুই কোটি ৮০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে আদালতে মামলা করেছেন এক যুক্তরাজ্য প্রবাসী। মামলাটি আমলে নিয়ে আগামী ১৮ এপ্রিল রাগীব আলীকে আদালতে হাজির হতে বলা হয়েছে।

সোমবার (৩ এপ্রিল) সিলেটের মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক সাইফুজ্জামান হিরোর আদালতে এ মামলাটি দায়ের করেন মো. আখলাকুর রহমান গুলজার নামে এক প্রবাসী।

আদালতের অতিরিক্ত সরকারি কৌশলী মাহফুজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

বাদীর আইনজীবী মোহাম্মদ আলী সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মামলার বাদী নাবিদা ডেভেলপমেন্ট লিমিটেডের চেয়ারম্যান মো. আখলাকুর রহমান গুলজার তার কোম্পানির জন্য ২০০৫ সালের সাউথ ইস্ট ব্যাংক থেকে দুই কোটি পনের লাখ টাকা ঋণ উত্তোলন করেন। সময়মত টাকা পরিশোধ না করায় ২০০৮ সালের ৫ জুলাই সাউথ ইস্ট ব্যাংক বন্ধকী সম্পত্তি নিলামের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করে।

পূর্ব পরিচয় ও রাগীব আলী সাউথ ইস্ট ব্যাংকের ভাইস চেয়ারম্যান হওয়ায় তার সঙ্গে টেলিফোনে যোগাযোগ করেন বাদী। রাগীব আলী তাঁকে সম্পত্তি নিলাম হয়ে যাবে বলে ভয় দেখান। এরপর রাগীব আলী লন্ডন গিয়ে বাদীর কাছ থেকে দুই কোটি ঊনআশি লাখ পঞ্চাশ হাজার টাকা নিয়ে আত্মসাত করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.