Sylhet Today 24 PRINT

ফের হবিগঞ্জের মেয়র পদে বসলেন জি কে গউছ

হবিগঞ্জ প্রতিনিধি  |  ০৬ এপ্রিল, ২০১৭

সাময়িক বরখাস্তের আদেশ হাইকোর্টে স্থগিত হওয়ার পর ফের কর্মস্থলে যোগ দিয়েছেন হবিগঞ্জ পৌরসভার মেয়র ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক জি কে গউছ।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) দুপুরে তিনি কার্যালয়ে গিয়ে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করেন। দলীয় নেতাকর্মী, সমর্থক ও পৌরসভার কর্মকর্তা-কর্মচারিরা ফুল দিয়ে মেয়রকে বরণ করে নেন।

এসময় জি কে গউছ বলেন, আমি স্থানীয় রাজনৈতিক প্রতিহিংসার শিকার। প্রধানমন্ত্রী আমিসহ তিন মেয়রের বরখাস্তের খবর জানতেন না। স্থানীয় রাজনীতিবিদদের হয়রানি থেকে মুক্ত হয়ে আমি যাতে সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারি সেজন্য প্রধানমন্ত্রীর সহযোগিতা কামনা করছি।

সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলায় প্রায় আড়াই বছর কারাভোগের পর গত ৪ জানুয়ারি জামিনে মুক্তি পান জি কে গউছ। এরপর হাইকোর্টের নির্দেশে ২৩ মার্চ তিনি মেয়র পদে বহাল হন। পরে সুরঞ্জিত সেন গুপ্তের ওপর গ্রেনেড হামলা মামলার অভিযোগপত্র আদালতে গৃহীত হলে ২ এপ্রিল আবারো তাকে সাময়িকভাবে বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। এরপর গউছের রিট আবেদনের প্রেক্ষিতে সাময়িক বরখাস্তের আদেশ স্থগিত করেন হাইকোর্ট।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.