Sylhet Today 24 PRINT

‘শঙ্কা নিয়ে’ ফের মেয়রের দায়িত্ব নিলেন আরিফ

নিজস্ব প্রতিবেদক |  ০৬ এপ্রিল, ২০১৭

শঙ্কা নিয়ে ফের সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) মেয়রের দায়িত্ব গ্রহণ করেছেন আরিফুল হক চৌধুরী। বৃহস্পতিবার (৬ এপ্রিল) বিকেল ৩টা ২০ মিনিটে দলীয় নেতাকর্মীসহ নগর ভবনে নিজের কার্যালয়ে পৌঁছান আরিফ। সেখানে তাঁকে স্বাগত জানান সিসিকের কর্মকর্তা ও কর্মচারিরা।

মেয়রের আসনে বসার পর আরিফুল হক চৌধুরী সাংবাদিকদের বলেন, মেয়রের দায়িত্ব গ্রহণের ৩ ঘন্টার মধ্যে আমাকে বরখাস্ত করা হয়েছিল। তাই একরকম শঙ্কা নিয়েই আবারও মেয়রের আসনে বসেছি। মেয়র হিসেবে আমার সাথে এমন আচরণ জনগণের ম্যান্ডেটবিরোধী। এটা ভোটারদের সাথে প্রতারণা।

মেয়র বলেন, আমি চাই জনপ্রতিনিধিরা যেন শঙ্কামুক্ত হয়ে কাজ করতে পারেন। মেয়র হিসেবে যে মেয়াদকাল আমার অবশিষ্ট আছে, এর মধ্যেই আমি সবাইকে সাথে নিয়ে নগরবাসীর উন্নয়ন কার্যক্রম চালিয়ে যাবো। জনগণকে সাথে নিয়ে আমি আমার নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের চেষ্টা করবো।

এসময় দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করেন আরিফুল হক চৌধুরী।

এর আগে বৃহস্পতিবার দুপুরে মেয়র আরিফুল হক চৌধুরীর বরখাস্তের আদেশ স্থগিত করে দেয়া হাইকোর্টের আদেশ স্থগিত করার জন্য রাষ্ট্রপক্ষের করা আবেদন খারিজ করে দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের আদালত।

গত রোববার (২ এপ্রিল) সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরীকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ। এরপর আরিফের রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে সোমবার (৩ এপ্রিল) সরকারের বরখাস্তাদেশ স্থগিত করেন বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খানের হাইকোর্ট বেঞ্চ। আর গতকাল (৫ এপ্রিল) আরিফুল হক চৌধুরীর বরখাস্তের আদেশ স্থগিত করে দেয়া হাইকোর্টের আদেশ স্থগিত করার জন্য আবেদন করে রাষ্ট্রপক্ষ।

মন্ত্রণালয়ের পাঠানো বরখাস্তের আদেশ সূত্রে জানা যায়, প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্ত হত্যাচেষ্টার মামলার চার্জশিটে নাম থাকায় আরিফকে আবারও সাময়িক বরখাস্ত করা হয়। দীর্ঘ ২৭ মাস পর রোববারই সিসিকের মেয়রের চেয়ারে ফেরেন তিনি। আর সেদিনই দায়িত্ব নেয়ার ৩ ঘন্টার মধ্যে ফের বরখাস্তের চিঠি পান আরিফ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.