Sylhet Today 24 PRINT

তুষারের উপর হামলার প্রতিবাদে নগরীতে ছাত্রলীগের বিক্ষোভ

সিলেটটুডে ডেস্ক |  ০৭ এপ্রিল, ২০১৭

সিলেট মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল আলীম তুষারের উপর ছাত্রদলকর্মীদের হামলার প্রতিবাদে নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগ।

শুক্রবার বিকাল ৪টায় সিলেট সিটি পয়েন্ট থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক ঘুরে চৌহাট্টা পয়েন্টে এক সমাবেশে মিলিত হয়। মিছিল পরবর্তী সমাবেশ থেকে তুষারের উপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়। অন্যথায় ছাত্রলীগ এর জবাব দেবে বলে হুশিয়ারি উচ্চরণ করেন বক্তারা।

সিলেট মহানগর ছাত্রলীগের সভাপতি আব্দুল বাছিত রুম্মানের সভাপতিত্বে ও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এম. রায়হান চৌধুরীর পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি শাহরিয়ার আলম সামাদ।

এছাড়া মিছিলে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় এবং সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.