Sylhet Today 24 PRINT

আপনারা ঐক্যবদ্ধ থাকলে এ দুর্যোগ মোকাবেলা করা সম্ভব: জয়া সেনগুপ্ত

দিরাই প্রতিনিধি |  ০৮ এপ্রিল, ২০১৭

অতি বৃষ্টি ও পাহাড়ি ঢলে একের পর এক হাওর রক্ষা বাঁধ ভেঙ্গে যাওয়ায় দিরাই উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৮ এপ্রিল) সকাল ১১টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদারের সভাপতিত্বে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুজ্জামান পাভেলের পরিচালনায় সভা প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির প্রধান উপদেষ্টা, দিরাই শাল্লার নব নির্বাচিত এমপি ড. জয়া সেনগুপ্ত।

বক্তব্য রাখেন দিরাই পৌরসভার মেয়র মোশাররফ মিয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাপ মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান ছবি রহমান, দিরাই সার্কেলের সহকারী পুলিশ সুপার বেলায়েত হোসেন সিকদার, উপজেলা প্রকৌশলী ইফতেখার হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি এডভোকেট সোহেল আহমদ, সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট অভিরাম তালুকদার, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি রঞ্জন কুমার রায় সহ ইউপি চেয়ারম্যান ও বিভিন্ন দফতরের কর্মকর্তাবৃন্দ।

সভায় বক্তারা দিরাই শাল্লার সহ সুনামগঞ্জ জেলাকে দুর্গত এলাকা ঘোষণার দাবি জানিয়ে তারা বলেন, দিরাই শাল্লার প্রতিটি হাওর রক্ষা বাঁধে স্লুইস গেইটের মাধ্যমে স্থায়ী বাঁধ নির্মাণ করতে হবে।

এ সময় দিরাই শাল্লার ইউপি চেয়ারম্যানবৃন্দ প্রতিটি ওয়ার্ডে ডিলার নিয়োগ করে স্বল্পমূল্যে প্রকৃত কৃষকদের মাঝে চাল, আটা পৌছে দেওয়ার আহবান জানান।

প্রধান অতিথির বক্তব্যে নবনির্বাচিত এমপি ড.জয়া সেনগুপ্ত বলেন, আমি দেখেছি আপনারা ঐক্যবদ্ধভাবে হাওর রক্ষা বাঁধে অক্লান্ত পরিশ্রম করেছেন। আমার বিশ্বাস আপনারা ঐক্যবদ্ধ থাকলে এ দুর্যোগ মোকাবেলা করা সম্ভব। আমি আপনাদের দাবিগুলো জননেত্রী শেখ হাসিনা সামনে তুলে ধরবো।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.